সরকারের চাপে নতি স্বীকার করবে না দুদক: চেয়ারম্যান

সরকারের চাপের মুখে নতি স্বীকার করবে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে এ কথা বলেন সংস্থাটির নতুন চেয়ারম্যান মো. বদিউজ্জামান। নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নির্বাচন সামনে রেখে সরকারের পক্ষ থেকে তাদের রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের সুপারিশ করলে দুদকের ভূমিকা কী হবে, এ ব্যাপারে সাংবাদিকদের দুদক চেয়ারম্যান বলেন, ‘মহাজোট সরকার ক্ষমতায় এসেই এসব রাজনৈতিক মামলা প্রত্যাহারে দুদকের কাছে সুপারিশ করেছিল। তখনো দুদক এসব মামলা প্রত্যাহার করেনি। আমি দায়িত্বে থাকাকালে দুদক এসব মামলা প্রত্যাহার করবে না।’ তিনি বলেন, সরকারের চাপে দুদকের কোনো কর্মকর্তা যদি নতি স্বীকার করেন, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিচার-প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কথা উল্লেখ করে বদিউজ্জামান বলেন, এটি বিচারের স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু দুদকের খসড়া আইন সংসদে পাস হয়ে গেলে দুদক অনেকটা স্বাধীনভাবে কাজ করতে পারবে। তখন দুদকের কাজের ফলাফলগুলো দৃশ্যমান হবে।
শুধু আদালতের প্রক্রিয়ায় নয়, দুদকের নিজের কাজের ক্ষেত্রেও দীর্ঘসূত্রতা রয়েছে। দেড় থেকে দুই বছরেও মামলার তদন্তকাজ শেষ হয় না—সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে বদিউজ্জামান বলেন, ‘প্রতিষ্ঠানে এ বিষয়ে অনেক গাফিলতি রয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করব।’