সরকারের চেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে জাতীয় কমিটির প্রস্তাবিত খসড়া রূপরেখায় বলা হয়েছে, ২০৪১ সাল পর্যন্ত সরকারের পরিকল্পনার চেয়ে কম টাকা ব্যয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। পাশাপাশি বিদ্যুতের দামও সরকার নির্ধারিত দামের চেয়ে কম হবে।

জাতীয় প্রেসক্লাবে গত শনিবার এক অনুষ্ঠানে বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা (২০১৭-৪১) বিষয়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রস্তাবিত খসড়া রূপরেখায় এসব কথা বলা হয়।

প্রস্তাবে বলা হয়, ২০৪১ সাল পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার ১২৯ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের যে পরিকল্পনা নিয়েছে, তার বিপরীতে ১১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে মূল লক্ষ্য থেকে অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। প্রস্তাবে বলা হয়, বিদ্যুতের দামও এ ক্ষেত্রে সরকারের পরিকল্পনা অনুযায়ী (২০১৫-এর দাম স্তর অনুযায়ী) প্রতি ইউনিট ১২ টাকা ৭৯ পয়সার বিপরীতে ৫ টাকা ১০ পয়সায় আনা সম্ভব।

প্রস্তাবে বলা হয়েছে, বিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনার মূল বৈশিষ্ট্য হলো আমদানি ও রাশিয়া-চীন-ভারতের ঋণনির্ভরতা, যা পরিবেশবিধ্বংসী। সরকারের বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস হলো কয়লা, এলএনজি ও পারমাণবিক শক্তি। এর মূল চালিকাশক্তি হলো বিদেশি কোম্পানি, অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান ও পরামর্শক। এর বিপরীতে জাতীয় কমিটির প্রস্তাবে বলা হয়, এই খাতের মূল বৈশিষ্ট্য হতে হবে দেশের সম্পদনির্ভরতা। রাশিয়া-চীন-ভারতের ঋণ মুক্ত ও পরিবেশবান্ধব। প্রস্তাবে নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্ব দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রাকৃতিক গ্যাসকে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস ধরতে হবে। মূল চালিকাশক্তি হবে জাতীয় সংস্থা, দেশীয় প্রতিষ্ঠান ও জন-উদ্যোগ।

অনুষ্ঠানে খসড়া রূপরেখা তুলে ধরেন প্রকৌশলী মাহবুব সুমন। তিনি বলেন, দেশি-বিদেশি কিছু গোষ্ঠীর আধিপত্য থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে মুক্ত করতে হবে। এতে দেশ ও জনগণের জীবনে বিপর্যয় সৃষ্টি না করে সর্বোচ্চ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ-ব্যবস্থা ঢেলে সাজানো সম্ভব। এই প্রস্তাবের লক্ষ্য হলো, সব নাগরিকের জন্য সুলভে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, দীর্ঘ মেয়াদে জ্বালানি নিরাপত্তা, নিরাপদ, ঝুঁকিহীন ও পরিবেশসম্মত বিদ্যুৎ উৎপাদন এবং জাতীয় সক্ষমতার ওপর দাঁড়িয়ে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সামগ্রিক জীবনমান ও নিরাপত্তা নিশ্চিত করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। তিনি বলেন, ‘আমরা কখনো দ্বিমত করিনি যে আমাদের বিদ্যুতের প্রয়োজন নেই। কিন্তু এটা দেখিয়ে সুন্দরবন বিনাশী রামপাল কয়লা প্রকল্পের প্রয়োজন নেই। সরকার যেভাবে বিদ্যুৎ উৎপাদন করতে চায়, এটা হলে দেশ ঋণের শৃঙ্খল ও আধিপত্যের মধ্যে পড়বে, পানি-মাটি-পরিবেশ বিপর্যস্ত হবে। এর থেকে বেরিয়ে আসতে জাতীয় কমিটি বিকল্প প্রস্তাব হাজির করছে।’ তিনি বলেন, ‘শুধু এলএনজি আমদানির কথা বলা হচ্ছে। এর ফলে গ্যাসের দাম বাড়বে এবং বিদ্যুতের দামও বাড়বে। নবায়নযোগ্য জ্বালানির কথাও সরকার বলে। বিদেশে এ নিয়ে ঢাকঢোল পেটানো হচ্ছে, অথচ দেশে কোনো অগ্রগতি নেই। আন্তর্জাতিক অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশ পরিবেশবিনাশী পথ বাতিল করে নবায়নযোগ্য জ্বালানিনির্ভরতার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তাই দেশের সৌর-বায়ু-বর্জ্যের ব্যবহার বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করতে হবে।

সভায় বক্তব্য দেন রাজনীতিক মুজাহিদুল ইসলাম সেলিম, বিশেষজ্ঞ প্যানেলের সদস্য আবদুল হাসিব চৌধুরী, সুজিত চৌধুরী, রাজনীতিক সাইফুল হক, জোনায়েদ সাকী, টিপু বিশ্বাস প্রমুখ।