পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকারের জনবান্ধব কর্মসূচি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশকে বহির্বিশ্ব অন্য চোখে মূল্যায়ন করছে। প্রয়াত আবুল কালাম মজুমদার এমন স্বপ্ন নিয়ে গ্রামাঞ্চলের মানুষের জন্য কাজ করেছেন। তাঁর স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বাগমারা উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ ও শিক্ষাবিদ অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ২১তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই স্মরণসভা হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে ওই স্মরণসভা হয়। এতে বক্তব্য দেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের মজুমদার, লালমাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল হাই।
পরিকল্পনামন্ত্রী বলেন, আবুল কালাম মজুমদার পরিকল্পনা করে গ্রামের মানুষের জন্য কাজ করেছেন। সদর দক্ষিণ এলাকায় সত্তরের দশকে কলেজসহ বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। নতুন প্রজন্মকে তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন নিয়ে কাজ করতে হবে। আবুল কালাম মজুমদার ১৯৯৪ সালের ৩১ অক্টোবর মারা যান।