সরকারের টাকায় সেতু হচ্ছে জনপ্রতিনিধির বাড়ির সামনে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সোনাতনপুর গ্রামে এক ইউপি সদস্যের বাড়ির সামনে সরকারি অর্থায়নে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ১৮ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হবে। ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ ও কার্যাদেশ দেওয়া হয়ে গেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহেল মিয়ার বাড়ির প্রবেশপথে সেতু নির্মাণের উদ্যোগ নিয়ে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। অথচ ২০০৬ সাল থেকে এলাকার সাতটি গ্রামের মানুষ ইউপি সদস্যের বাড়ির ১০০ ফুট পশ্চিমে রত্না খালের বাজারিদাড়ায় সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। এলাকার প্রবীণ ব্যক্তি আছাব আলী বলেন, ‘আমাদের দাবিকৃত স্থানে সেতু নির্মিত হলে সোনাতানপুর, কুড়িহাল, পাটকুড়া, বুরুয়া, শেওড়া, জামালপুর ও আহমদাবাদ এই সাত গ্রামের মানুষের যাতায়াতের সুবিধা হবে। সংযোগ স্থাপিত হবে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সঙ্গে আশারকান্দি ইউনিয়নের। এ ছাড়া আশারকান্দি ইউনিয়নবাসী উপজেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগে ১৫ কিলোমিটার দূরত্ব কমবে।’ তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘সরকারি অর্থায়নে একটি পরিবারের সুবিধার্থে কীভাবে সেতু নির্মিত হবে বুঝতে পারছি না।’ কুড়িহাল গ্রামের সামছুল ইসলাম বলেন, মাত্র ১০০ ফুট দূরে সেতুটি নির্মাণ করা হলে এলাকাবাসী উপকৃত হবে। এখন শুধু একটি পরিবারের জন্য সেতু নির্মাণ করা হচ্ছে। একই গ্রামের তরুণ সিপন মিয়া জানান, সম্প্রতি সাত গ্রামের দুই শতাধিক মানুষের স্বাক্ষরসংবলিত একটি আবেদন স্থানীয় সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে সোনাতানপুর ও বুধরাইল নামক স্থানে দুটি সেতু নির্মিত হচ্ছে। ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু দুটির কাজ পেয়েছে ছাতকের শহীদ ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ১৭ জানুয়ারি কার্যাদেশ দেওয়া হয়েছে। ৭৫ দিনের মধ্যে কাজ শেষ করার কথা। ইউপি সদস্য রুহেল মিয়া বলেন, ‘সেতুটি আমার বাড়ির ওপর দিয়ে হলেও এলাকাবাসী সড়কে চলাচল করতে পারবেন। অহেতুক তাঁরা সেতু নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি করতে চাইছেন।’ সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাসান বলেন, ‘জনসাধারণের চাহিদা অনুযায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন শুনছি, গ্রাম্য বিরোধের কারণে স্থান নির্ধারণ নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। আমি উভয় পক্ষকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সুবিধাজনক জায়গায় সেতু নির্মাণের চেষ্টা করে যাচ্ছি।’ জগন্নাথপুরের পিআইও এ কে এম মোহিতুল ইসলাম বলেন, ‘জন-সাধারণের চাহিদা ও স্থানীয় সাংসদের ডিও লেটারের আলোকে সোনাতনপুর ও বুধরাইলে সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠালে তা গৃহীত হয়। আমরা সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়ার পর শুনেছি, স্থান নিয়ে গ্রামবাসীর মধ্যে বিরোধ রয়েছে। এর আগে এ বিষয়ে কেউ কিছু জানায়নি।’ জগন্নাথপুরের ইউএনও আবদুল ওয়াদুদ জানান, এলাকাবাসীর লিখিত আবেদন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরকারি টাকায় কোনো পরিবারের সুবিধার জন্য সেতু নির্মাণের সুযোগ নেই। সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান প্রথম আলোকে জানান, সেতু নির্মাণের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। সরেজমিনে পরিদর্শন করে জনগণের সুবিধার্থে যথাযথ স্থানে সেতু নির্মাণ করা হবে।