সরকারের দায়িত্ব ইলিয়াসকে খুঁজে বের করা: মিজানুর রহমান
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, সরকারের দায়িত্ব নিখোঁজ বিএনপির নেতা ইলিয়াস আলীকে খুঁজে বের করা। গতকাল রোববার জাতীয় জাদুঘরে ‘ধূমপানের রাজনীতি: সিগারেট বাণিজ্য বনাম বিড়িশ্রমিকের বেকারত্ব’ শীর্ষক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার সম্ভাব্য তিনটি কারণের কথা বলেন মিজানুর রহমান। সেগুলো হচ্ছে, তিনি স্বেচ্ছায় আত্মগোপন করে থাকতে পারেন বা কোনো অপরাধী চক্র তাঁকে ধরে নিতে পারে অথবা সরকারের বাহিনী তাঁর নিখোঁজ হওয়ার সঙ্গে জড়িত থাকতে পারে। বেসরকারি সংস্থা গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি) আসন্ন অর্থ-বাজেটে বিড়িতে শুল্ক বাড়ালে বিড়িশিল্পের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে ওই মতবিনিময় সভার আয়োজন করে।মিজানুর রহমান আরও বলেন, সিগারেটের ওপর থেকে শুল্ক কমিয়ে বিড়িতে শুল্ক বাড়িয়ে সরকার বৈষম্যমূলক আচরণ করছে। বিড়িশ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে শুল্ক বাড়িয়ে বিড়িশিল্পকে ধ্বংস করা সরকারের উচিত নয়।মতবিনিময় সভার আগে জাদুঘরের সামনে রংপুর, কুষ্টিয়া, যশোর, বরিশালসহ বিভিন্ন স্থান থেকে আসা বিড়িশ্রমিকেরা বিড়িতে শুল্ক বাড়ানোর ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করেন।