বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, দুর্নীতি এই সরকারকে গ্রাস করেছে। দুর্নীতির কারণে আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না। তিনি বলেন, একদলীয় সংসদে একদলীয়ভাবে বাজেট পাস হয়েছে। তারা জনগণের মতামতের কোনো ধার ধারে না।গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আয়োজিত সমাবেশে মওদুদ আহমদ এ কথা বলেন। কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ বলেন, এই সরকার দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনে বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছে। এদের হাত থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ মুখিয়ে আছে। তিনি বলেন, মহাজোটের শরিক দলের নেতারা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলছেন। একদিন প্রধানমন্ত্রীও সে পথেই আসবেন। নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।সাবেক এই আইনমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর সরকারের দমন-পীড়ন অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। সরকার কাজ বাদ দিয়ে কেবল বিরোধী দলকে দমন-পীড়ন করতে ব্যস্ত হয়ে পড়েছে। দলীয় লোকজন দুর্নীতি করছে। কোনো কাজই স্বাভাবিক গতিতে হচ্ছে না। দুর্নীতির কারণে পদ্মা সেতুর কাজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এভাবে চলতে থাকলে একদিন রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়বে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জাসদের সভাপতি হাসানুল হক ইনুর কথায় খারাপ কোনো বার্তা বহন করে। তিনি কীভাবে খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করতে চান, সেটা জাতি জানতে চায়। তিনি বলেন, ‘বেশি লাফালে পুরো মহাজোট মাইনাস হয়ে যাবে।’বিকেল চারটা থেকে সমাবেশ শুরু হয়। তার আগেই মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে জোটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হন। সড়কের ওপর সমাবেশ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিএনপির ঢাকা মহানগরের সদস্যসচিব আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, যুবদলের সভাপতি মেয়াজ্জেম হোসেন প্রমুখ।