সরকারের দুর্নীতির কারণেই বিশ্বব্যাংকের ঋণ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্প বাতিল করেছে। এ ছাড়া ইসলামী উন্নয়ন ব্যাংক এবং জাপানি সংস্থা জাইকাও টাকা দেবে না বলে জানিয়ে দিয়েছে। অথচ সরকার বিএনপির বিরুদ্ধে দুর্নীতির বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে।সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গতকাল রোববার ফেনীর নিজ নির্বাচনী এলাকা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় পৃথক তিনটি পথসভায় এসব কথা বলেন।খালেদা জিয়া বলেন, এই সরকার আন্তর্জাতিকভাবে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণিত হয়েছে। বিশ্বব্যাংক দুর্নীতির তদন্ত করতে বলেছে, তারা করেনি। কানাডার পুলিশ তদন্ত করেছে। কিন্তু সরকার কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।বিএনপির নেত্রী আরও বলেন, সরকার কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে! স্বয়ং প্রধানমন্ত্রীসহ তাঁর পরিবারের লোকজন এই দুর্নীতিতে জড়িত। পদ্মা সেতু প্রকল্প বাতিল হওয়ার পর সরকারের পদত্যাগ করা উচিত ছিল।গতকাল দুপুরে প্রথমে ফুলগাজী উপজেলা সদরে পথসভায় বক্তব্য দেন খালেদা জিয়া। পরে পরশুরাম উপজেলা সদরে এবং বিকেলে ছাগলনাইয়া সদরে পৃথক পথসভায় বক্তব্য দেন তিনি।খালেদা জিয়া বলেন, ‘ভারত আমাদের তিস্তার পানির হিস্যা দেয় না। কিন্তু আমরা বিনা শর্তে তাদের ফেনী নদীর পানি দিয়ে দিলাম। এটা হয় না। বর্তমান সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসেনি উল্লেখ করে খালেদা জিয়া বলেন, মইনুদ্দিন-ফখরুদ্দীনরা তাদের ক্ষমতায় বসিয়েছে। তারা সংবিধান পরিবর্তন করে নিজেরা ক্ষমতায় থেকে নির্বাচন করতে চায়। এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এই দাবি ১৮ দলের নয়, এই দাবি এখন সমগ্র দেশবাসীর।ঈদের পর আন্দোলন বেগমান করা হবে জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘আসুন সবাই মিলে দেশ বাঁচাই, মানুষ বাঁচাই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশও বাঁচবে না, মানুষও বাঁচবে না।’এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, সাংসদ বরকত উল্লা, মুহাম্মদ মোশাররফ হোসেন, জয়নাল আবদীন, আবুল খায়ের ভূঞা, আশরাফ উদ্দিন নিজান, রেহানা আক্তারসহ স্থানীয় নেতারাও এসব পথসভায় বক্তব্য দেন।চট্টগ্রামে ত্রাণ বিতরণ: চট্টগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল সকালে চট্টগ্রামের আকবরশাহ মাজার এলাকায় ইয়াছিন কলোনিতে ধসে পড়া পাহাড় পরিদর্শনে যান খালেদা জিয়া। সেখানে ৩০০ জন ক্ষতিগ্রস্ত ও দুস্থ ব্যক্তির মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি। এ সময় খালেদা জিয়া বলেন, এখানকার দুস্থ মানুষদের পুনর্বাসন করা দরকার।ত্রাণ বিতরণকালে সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিচার হবে। আমরা দুটি পদ্মা সেতু করব।’ এরপর ফেনীর উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, এম মোরশেদ খান, আসলাম চৌধুরী ও শাহাদাৎ হোসেন।