সরকারের দুর্নীতির প্রতিবাদ করলে আমরা হয়ে যাই জঙ্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের হিন্দু-মুসলমানের মধ্যে বিভক্তি সৃষ্টি করে সুযোগ নিতে চায়। এই সরকারের আমলে যত মন্দির ভেঙেছে, তা অন্যদের সময় ঘটেনি। আর আমরা যখন সরকারের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ জানাই, তখন আমরা হয়ে যাই জঙ্গিবাদের দল।’
গতকাল সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদ চত্বরে গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। তাঁর দাবি, ‘এই সরকার যেভাবে ধর্মপ্রাণ মুসলমানকে হত্যা করেছে, অতীতে তার কোনো নজির নেই। এসবের প্রতিবাদ করতে গেলেই সরকার আমাদের জঙ্গি ও রাজাকারের দল বলে প্রচারণা চালায়।’
মির্জা ফখরুল বলেন, কোনো বিভক্তিতে নয়, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। কিন্তু বর্তমান সরকার পরিকল্পিতভাবে দেশের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চেষ্টা করছে। তিনি বলেন, ‘দেশের জনগণ এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। ভোট নিয়ে তাদের মনে শঙ্কা। তারা আমাদের কাছে জানতে চায়, আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব কি না। আমরা পরিষ্কার বলে দিয়েছি, নিরপেক্ষ-নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনের নির্বাচনে অংশ নেব না।’
ফখরুল বলেন, পাঁচ সিটি নির্বাচনে সরকার বুঝে গেছে, এ দেশের মানুষ তাদের সঙ্গে নেই। ভোট হলে তাদের ভরাডুবি হবে। তাই ক্ষমতা ধরে রাখতে নিরপেক্ষ-নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল করতে চাইছে না।
এ ছাড়া মির্জা ফখরুল গতকাল ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলারহাট, পাটিয়াডাঙ্গী ও ফাড়াবাড়ি এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা করেন।