বাংলাদেশে শাসন পরিস্থিতি নিয়ে ব্র্যাকের প্রতিবেদন
সরকারের দুর্বলতায় দাতারা সংস্কারের পরীক্ষা চালিয়েছে
গণতন্ত্র ও সুশাসন বিষয়ে সরকারের সুনির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকায় দাতারা বিভিন্ন সময় এ দেশে সংস্কার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। তবে অর্থনৈতিক খাতে সার্বিক সুশাসন পরিস্থিতির উন্নয়নে দাতাগোষ্ঠী ও উন্নয়ন-সহযোগীদের নির্দেশিত সংস্কার কোনো তাৎপর্যপূর্ণ ফল বয়ে আনতে পারেনি।বাংলাদেশের শাসন পরিস্থিতি নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজের (আইজিএস) গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। গতকাল বুধবার ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশে শাসন পরিস্থিতি ২০১০-১১: নীতি, প্রভাব, মালিকানাবোধ’ শিরোনামের প্রতিবেদনটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে কয়েক দশক ধরে বৈদেশিক সাহায্যের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবু দেশের অভ্যন্তরীণ নীতি প্রণয়নে সহযোগী সংস্থা, বিদেশি রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির প্রভাব তাৎপর্যপূর্ণ। আইজিএসের গবেষণা ফেলো মো. শহীদুল ইসলাম গবেষণা প্রতিবেদনের মূল বিষয়গুলো উপস্থাপন করেন। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলো সুনীতি, সুশাসন নিয়ে অনেক প্রতিশ্রুতি দেয়। তার অনেক কিছুই তারা বাস্তবায়ন করে না। এই সুযোগে দাতারা নীতি দেওয়ার সুযোগ পায়। অনুষ্ঠানের শুরুতে আইজিএসের পরিচালক রিজওয়ান খায়ের বলেন, ২০০৬ সাল থেকে ব্র্যাক দেশের শাসন পরিস্থিতি নিয়ে গবেষণা করছে এবং প্রতিবেদন প্রকাশ করছে। সেই ধারাবাহিকতায় এটি পঞ্চম প্রতিবেদন।১৮০ পৃষ্ঠার প্রতিবেদনে গণতন্ত্র ও সুশাসন, জনপ্রশাসন, অর্থনীতি, নাগরিক সমাজ (এনজিও) এবং রাজনৈতিক ব্যবস্থা—এই পাঁচটি ক্ষেত্রে দাতাগোষ্ঠী ও উন্নয়ন-সহযোগীদের প্রভাব ও হস্তক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে। দাতাদের অবস্থান পরিবর্তন সম্পর্কে বলা হয়েছে, পূর্বে আগ্রাসীভাবে দুর্নীতি দমন কাজে হস্তক্ষেপ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়া কোনো ফল বয়ে আনেনি, বা তার অভিজ্ঞতা ভালো নয়। তাই অনেক দাতা সংস্থা সুশাসনের বড় এজেন্ডা থেকে সরে এসে এখন পর্যাপ্ত সুশাসনের (গুড এনাফ গভর্নেন্স) কথা বলছে।প্রতিবেদনের ওপর আলোচনা করতে গিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, অনেক প্রতিষ্ঠান একেবারে ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম। কোনো প্রতিষ্ঠানে ৫০ শতাংশ অদক্ষ জনবল থাকলে চেষ্টা করলে সেই প্রতিষ্ঠানকেও ভালো করা সম্ভব। কিন্তু ৯০ শতাংশ অদক্ষ জনবল থাকলে সেই প্রতিষ্ঠান ঠিক করা সম্ভব নয়। সেটি বন্ধ করে দেওয়া ভালো। রাজনীতিবিদেরা এই অপ্রীতিকর কাজ করতে পারেন না। সাবেক আরেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, অনেক ক্ষেত্রে নতুন নীতিমালা তৈরি হয়, কিন্তু বাস্তবায়নকারীদের মানসিকতা পরিবর্তন হয় না। তাই কাগুজে সফলতা দেখানো হয়। তিনি বলেন, মান যাচাই করে দক্ষ দলীয় লোক নিয়োগ দিলেও প্রতিষ্ঠান ভালো চলে। যেমন যুক্তরাষ্ট্রে চলছে। কিন্তু এ দেশে তা হচ্ছে না।মুক্ত আলোচনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজউদ্দিন খান বলেন, বৈপ্লবিক চিন্তার অভাব আছে। কারণ, সমাজে বৈপ্লবিক চিন্তা নিরুৎসাহিত করা হয়। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে বড় ধাক্কা (বিগ পুশ) দরকার। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আইজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা মনজুর হাসান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।