সরকারের দুশ্চিন্তা বেড়েছে
সাম্প্রতিক সময়ের কয়েকটি জঙ্গি তৎপরতাকে বিচ্ছিন্ন ঘটনা বললেও গুলশানের অভিজাত রেস্তোরাঁয় হামলার ঘটনায় সরকারের দুশ্চিন্তা বেড়েছে। এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলে সরকারের উচ্চমহলে আশঙ্কা আছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমনটা মনে করে না সরকারের নীতিনির্ধারণী মহল।
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ত্রাসী ও জঙ্গিবাদী তৎপরতা সম্পর্কে জনগণকে সচেতন করে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সন্ত্রাসবিরোধী কমিটি এবং কমিউনিটি পুলিশিং ব্যবস্থার মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে সন্ত্রাস মোকাবিলার চিন্তাভাবনা আছে।
এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ত্রাসবিরোধী অবস্থান নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘রাজনৈতিক সংলাপের’ প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলা এবং জিম্মির ঘটনায় সরকারের সর্বোচ্চ পর্যায়ের তত্ত্বাবধানে কমান্ডো হামলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতভর পরিস্থিতির ওপর নজর রাখেন এবং সর্বোচ্চ কম হতাহতের মাধ্যমে জিম্মি ব্যক্তিদের মুক্ত করার জন্য দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশ দেন।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের জন্য একটি দুশ্চিন্তা। যে ধরনের ঘটনা ঢাকার গুলশানে ঘটেছে, তা আমাদের দেশে নজিরবিহীন। এ পরিস্থিতিতে জনগণকে সঙ্গে নিয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি বলেন, সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে দৃঢ় হাতে পুরো পরিস্থিতি সামাল দিয়েছে। তাঁর মতে, দুশ্চিন্তা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়।
ক্ষমতাসীন মহাজোটের নেতাদের মতে, বর্তমানের নাজুক পরিস্থিতিতে কেবল রাজনৈতিক দল নয়, সব শ্রেণি–পেশার মানুষকে সঙ্গে নিয়ে সন্ত্রাসবিরোধী ঐক্য গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে কেবল আওয়ামী লীগ বা ১৪ দল নয়, অন্যান্য রাজনৈতিক দল, যাদের সন্ত্রাসবিরোধী অবস্থান আছে, সেসব দলকেও সম্পৃক্ত করতে হবে।
জানতে চাইলে ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, এটাই শেষ না। আরও কিছু ঘটতে পারে। বিশেষ করে জামায়াত নেতা মীর কাসেম আলীর রায় কার্যকর হওয়া পর্যন্ত এ ধরনের আশঙ্কা আছে। এ অবস্থায় জনগণকে মাঠে নামানো ছাড়া বিকল্প নেই। তাঁর মতে, পাড়ায়-মহল্লায় সন্ত্রাসবিরোধী কমিটি করতে হবে। কেবল জোট নয়, দলগতভাবেও মাঠে নামতে হবে। পাশাপাশি ১৪ দলের বাইরের দলগুলোকেও সন্ত্রাসবিরোধী কাতারে নিয়ে আসতে হবে।
মহাজোটের নেতাদের কেউ কেউ মনে করেন, সরকার জঙ্গি দমনে প্রশাসননির্ভর হয়ে পড়েছে। কেবল প্রশাসন দিয়ে তা সম্ভব নয়। এ ক্ষেত্রে জননির্ভরতা বাড়াতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
মহাজোটের শরিক জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রথম আলোকে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে একক কোনো রাজনৈতিক দলকে যুদ্ধ করার দায়িত্ব নেওয়া ঠিক নয়। এর জন্য জনসচেতনতা বাড়াতে হবে। মহাজোটের বাইরে জঙ্গিবিরোধী সব মত–পথকে ঐক্যবদ্ধ করে সংলাপের আয়োজন করতে হবে। তা না হলে গুলশানের ঘটনা নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, তা দূর করা সম্ভব হবে না।
সরকারের নীতিনির্ধারণের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন মনে করেন, গুলশানের জঙ্গি হামলার মতো ঘটনা বাংলাদেশে প্রথম হলেও দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দক্ষতার সঙ্গে তা সামাল দিয়েছে। বিশেষ করে সশস্ত্র বাহিনীর কমান্ডোরা মাত্র ১৩ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের হত্যা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।