সরকারের দেওয়া সুযোগ-সুবিধার ব্যবহার নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আমাদের এলাকায় এখন মঙ্গা হয় না, তার মানে এই না যে অভাব নেই। আর অভাব আছে বলেই সরকার অভাব দূরীকরণে বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। সেগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। তাহলে আপনাদের পারিবারিক সচ্ছলতার পাশাপাশি দেশ এগিয়ে যাবে।’
গতকাল শনিবার বিকেলে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রাণিসম্পদ বিভাগের সমাজভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের সুবিধাভোগীদের পুরস্কার ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজালাল খন্দকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সুবিধাভোগী ভেড়া পালনকারী শেফালী বেগম, লাল মিয়া প্রমুখ।
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘এখন মানুষ বাড়ছে, চাষাবাদের জমি কমছে। তাই পরিকল্পিত চাষাবাদের পাশাপাশি পশুপালন করতে হবে। এখন গরু, ছাগল ও ভেড়া পালন করেও মানুষ কোটিপতি হচ্ছে। পৃথিবীর সব দেশে ভেড়ার চাহিদা বেশি, সঠিকভাবে ভেড়া পালন করলে আপনাদের কোনো সমস্যা থাকবে না।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজালাল খন্দকার বলেন, নীলফামারী জেলায় ২০১২ সাল থেকে এই প্রকল্প শুরু করা হয়। জেলার ১১২ জন ভেড়া পালনকারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৯৪ জন নারী। তিনি বলেন, জেলায় ১১২টি ভেড়ার খামার আছে, যা পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। আর ছাগলের তুলনায় ভেড়ার রোগবালাই কম হওয়ায় এর মৃত্যুর হার কম।
ভেড়া পালনকারীদের উৎসাহিত করতে প্রতিটি উপজেলায় তিনজন করে ছয় উপজেলার ১৮ জন সফল ভেড়া পালনকারীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম পুরস্কার ছয় হাজার, দ্বিতীয় পুরস্কার সাড়ে চার হাজার এবং তৃতীয় পুরস্কার সাড়ে তিন হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া ১৮ জন অতিদরিদ্র ব্যক্তিকে ভেড়া পালনের শেড নির্মাণের জন্য ছয় হাজার টাকা করে দেওয়া হয়।
ভেড়া পালনকারী কিশোরগঞ্জ উপজেলার লাল মিয়া বলেন, ‘আগে আমার ভেড়া মারা যেত। ছয়-সাত মাস আগে আমি প্রশিক্ষণ নেওয়ার পর এখন আর ভেড়া মারা যায় না। তিনি বলেন, একটি ভেড়া বছরে পাঁচ-ছয়টা বাচ্চা দেয়। আমার আগে ১০টা ভেড়া ছিল, এখন বিক্রি করার পরও ৩২টা হয়েছে। আগে আমার খুব অভাব ছিল, এখন সংসারে সচ্ছলতা এসেছে।’
এর আগে সকালে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব সিভিল সার্জন আবদুর রশীদ।
এ সময় মন্ত্রী বলেন, নীলফামারীর সব হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা হবে। সেবার মান বাড়াতে মন্ত্রী হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের সব চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীকে সময়মতো কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খান, সদস্য পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, বিএমএর জেলা সভাপতি মমতাজুল ইসলাম, সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।