আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, সরকারের ধারাবাহিকতা রক্ষার জন্যই সংবিধানের সপ্তম সংশোধনী আনা হয়েছিল। অন্য কোনো কারণ ছিল না।সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় গতকাল সোমবার আপিল বিভাগ বহাল রাখেন। রায়ের পর প্রতিক্রিয়ায় এরশাদ প্রথম আলোকে আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিভেদ ভুলে এখন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কারণ দেশের উন্নয়নই মানুষের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।সপ্তম সংশোধনীতে ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত এরশাদের শাসনের বৈধতা দেওয়া হয়। সাবেক এই সেনাশাসক বলেন, সাম্প্রতিক সময়ে দেওয়া আদালতের রায়গুলো বেশ তাৎপর্যপূর্ণ। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অবৈধ ঘোষণা করে আদালতের দেওয়া রায় গণতন্ত্র বিকাশে সহায়ক হিসেবে কাজ করবে। এ রায়ের পর আগামী নির্বাচন আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত নয়। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘রাজনৈতিক সংস্কৃতির কলঙ্ক তিলক।’ এ ব্যবস্থা বেআইনি ও অসাংবিধানিক।