সরকারের নির্দেশনায় জঙ্গিবিরোধী কর্মকাণ্ড শুরু করেছেন ডিসিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ডিসিরা জানিয়েছেন, সরকারে নির্দেশনা অনুযায়ী আগে থেকেই তাঁরা সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কর্মকাণ্ড শুরু করেছেন। তাঁরা জেলার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটি গঠন করেছেন। এই কমিটি যাতে সক্রিয় হয়, সে লক্ষ্যে তাঁরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের এক বৈঠক থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের যে বার্তা দিয়েছেন, তিনি সেই বার্তা আজ আবারও জেলা প্রশাসকদের সামনে তুলে ধরেন। এ ক্ষেত্রে জেলা প্রশাসকেরা তাঁদের কিছু অবকাঠামোগত সমস্যা ও সীমাবদ্ধতার কথা বলেছেন। সরকার এসব বিষয় বিবেচনা করবে।

স্থানীয় পর্যায়ে সন্ত্রাসবিরোধী কমিটিতে বিরোধী দল বিএনপি থাকবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের জাতীয় পার্টি বিরোধী দল আছে না?’

আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের নিয়ে চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়। প্রতিবছরই ঘটা করে এ সম্মেলন হয়। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের সুপারিশ উত্থাপন করা হয়। এসব সমস্যার আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

চার দিনের এই সম্মেলনে এবার ১৮টি কার্য অধিবেশনে ৩৩৬টি প্রস্তাবের ওপর আলোচনা হবে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করেন। সচিবালয়ে মন্ত্রিসভা সম্মেলন কক্ষে হবে বিভিন্ন অধিবেশন।

আরও পড়ুন...