সরকারের নির্দেশে তারেককে দোষী করার শঙ্কা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের নির্দেশে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দোষী করে কাল রোববার আদালত রায় দিতে পারেন বলে আশঙ্কা করছে বিএনপি।

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আশঙ্কা প্রকাশ করেন। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল অভিযোগ করেন, কাল তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলার রায় হবে। সম্পূর্ণ অপ্রমাণিত, মিথ্যা মামলার রায় হবে। এখন পর্যন্ত সরকার তারেক রহমানের বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণ করতে পারেনি। কিন্তু হয়তো বা সরকারের নির্দেশে তারেক রহমানকে দোষী করে আদালত রায় দেবেন।

তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থের অবৈধভাবে লেনদেনের (মানি লন্ডারিং) অভিযোগে করা মামলার রায় দেওয়া হবে কাল। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন গত বৃহস্পতিবার আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের এই তারিখ ধার্য করেন। এর আগে মানি লন্ডারিংয়ের পৃথক মামলায় তারেকের ছোট ভাই আরাফাত রহমান কোকোর ছয় বছর সাজা হয়েছিল।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, বিএনপি ও ১৮-দলের ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র করছে সরকার। তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো পুরোনো একটি দল কেন ষড়যন্ত্র করে ক্ষমতায় থাকতে চায়, তা আমরা বুঝি না।’

হরতালে সহিংসতার জন্য সরকারি এজেন্টেদের দায়ী করেন মির্জা ফখরুল। তিনি দাবি করেন, বিরোধী দলের আন্দোলন নস্যাত্ করার জন্য সরকারের বাহিনী ও এজেন্টরা এসব করছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি আলোচনা করতে চায়। তবে সে আলোচনা হতে হবে নির্বাচনকালীন সরকার নিয়ে। যেকোনো সময় যেকোনো স্থানে বিএনপি আলোচনায় রাজি বলে জানান তিনি।