সরকারের নির্দেশে তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে আজ রোববার আদালত রায় দিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ আশঙ্কা প্রকাশ করেন। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল অভিযোগ করেন, তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলার রায় হবে। সম্পূর্ণ অপ্রমাণিত, মিথ্যা মামলার রায় হবে। এখন পর্যন্ত সরকার তারেক রহমানের বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণ করতে পারেনি। কিন্তু হয়তোবা সরকারের নির্দেশে তারেক রহমানকে দোষী করে আদালত রায় দেবেন। তিনি অভিযোগ করেন, ১৮-দলের ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র করছে সরকার। হরতালে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যাসহ সহিংসতার জন্য সরকারি ‘এজেন্টদের’ দায়ী করেন তিনি। তাঁর দাবি, আন্দোলন নস্যাৎ করার জন্য সরকারের বাহিনী ও এজেন্টরা এসব করছে।
সব ঋণ কড়ায়-গন্ডায় পরিশোধ হবে: পাঁচ বছর ধরে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন হচ্ছে—এমন অভিযোগ এনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপি অসহায়, নিরবলম্ব নয়। আমরা হিসাবের খাতায় সব ঋণ লিখে রাখছি। সময় এলে সব কড়ায়-গন্ডায় পরিশোধ করা হবে।’
গতকাল বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি ১৮-দলীয় জোটের গতকালের জেলা-উপজেলা পর্যায়ের বিক্ষোভ সমাবেশে পুলিশ বিভিন্ন স্থানে হামলা করেছে বলে অভিযোগ করেন। তাঁর দাবি, বিক্ষোভকে কেন্দ্র করে সারা দেশে ৫৫ জনের বেশি নেতা-কর্মী গ্রেপ্তার এবং হামলায় ১৫০ জনের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, কয়েকটি গণমাধ্যম হরতালকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সরকারের অংশগ্রহণকে ‘বাইপাস’ করে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।