সরকারের নির্দেশে দণ্ড কার্যকর হবে: অ্যাটর্নি জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের দণ্ড কার্যকরের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ট্রাইব্যুনাল আইনের ২০(৩) ধারা অনুসারে সরকারের নির্দেশে দণ্ড কার্যকর হবে। কাজেই সরকার যেদিন ঠিক করবে, সেদিন দণ্ড কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কামারুজ্জামানের আইনজীবীরা বলেছেন, পূর্ণাঙ্গ রায়ের কপি পেলে রিভিউ পিটিশন করার কথা জানিয়েছেন কামারুজ্জামান। গতকাল চার আইনজীবী ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁর সঙ্গে দেখা করেন।
দণ্ড কার্যকরে সংক্ষিপ্ত না পূর্ণাঙ্গ আদেশ লাগবে—সাংবাদিকদের এমন প্রশ্নে মাহবুবে আলম বলেন, ‘অনেকে বলছে সম্পূর্ণ রায় পেতে হবে। আমি বলেছি, সংক্ষিপ্ত রায়ে এটি (ফাঁসির আদেশ) কার্যকর করা যাবে। বিষয়টি এখন আদালতের ওপর নির্ভর করছে।’ তিনি বলেন, ‘আপিল আদালত যে রায় দেন, ট্রায়াল কোর্ট সে অনুসারে সিদ্ধান্ত নেন, মৃত্যু পরোয়ানা জারি করেন। আপিল বিভাগ যদি সিদ্ধান্ত নেন সম্পূর্ণ রায় পাঠাবেন, সেটা তাঁদের বিষয়। তাঁরা যদি মনে করেন, সংক্ষিপ্ত রায় পাঠাবেন, সেটাও তাঁদের বিষয়।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সংক্ষিপ্ত রায়ে ফাঁসি কার্যকর করা যাবে, এটি আমার অভিমত। কামারুজ্জামানের মামলায় ট্রাইব্যুনালের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এই রায় তো উনারা আগেই পেয়ে গেছেন। এখন এটা কার্যকর সময়ের ব্যাপার মাত্র।’ তিনি বলেন, এটা এক সপ্তাহ হতে পারে, তিন দিনও হতে পারে। এটা সুপ্রিম কোর্টের আদেশ পাওয়া সাপেক্ষে এক মাসও হয়ে যেতে পারে।
অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের বিষয়ে প্রশ্ন করলে কামারুজ্জামানের আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘সুপ্রিম কোর্টের রুলসে আছে রিভিউ পিটিশন জমা দেওয়ার সময় পূর্ণাঙ্গ রায়ের কপি সংযুক্ত করতে হবে। যদি পূর্ণাঙ্গ রায়ের কপি না দেওয়া হয়, তাহলে রিভিউ পিটিশনের সঙ্গে আমরা কোথা থেকে পূর্ণাঙ্গ রায়ের কপি সংযুক্ত করব।’
সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন তাঁর আইনজীবী মসিউল আলম, মতিউর রহমান আকন্দ, শিশির মনির ও এহসান এ সিদ্দিকী। সাক্ষাৎ শেষে কারা ফটকের সামনে শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে রিভিউ করার ব্যবস্থা করতে বলেছেন কামারুজ্জামান। রিভিউ আবেদন নিষ্পত্তি হওয়ার পর রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি না, এ ব্যাপারে তিনিই সিদ্ধান্ত নেবেন।’
রিভিউ আবেদন নিষ্পত্তির আগে ফাঁসির রায় কার্যকর করা সম্ভব নয় বলে মন্তব্য করেন শিশির মনির।
পরে আইনজীবীদের উদ্ধৃতি দিয়ে জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে কামারুজ্জামান তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা সব অভিযোগকে ‘মিথ্যা’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে বলেন, তিনি জীবনে কাউকে হত্যা বা লাঞ্ছিত করা দূরে থাক, একটি কটু কথাও বলেননি। আপিল বিভাগের রায় সম্পর্কে কোনো কর্তৃপক্ষ তাঁকে কিছু জানায়নি, রায়ের কপিও তিনি পাননি। দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাঁর ‘শহীদি খুনের’ বদলা যেন তাঁরা দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে নেন। তাঁর ওপর জুলুমের কারণে কেউ যেন প্রতিহিংসার শিকার না হয়।