নিরাময়-অযোগ্য রোগীর মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত প্যালিয়েটিভ সেবা বা বিশেষ যত্ন ও পরিচর্যার প্রয়োজন হয়। কিন্তু স্বাস্থ্যনীতিসহ বিভিন্ন নীতিতে এ সেবার বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়নি। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এখনো বিষয়টি গুরুত্ব পায়নি।প্যালিয়েটিভ সেবা নিয়ে কর্মরত ব্যক্তিদের মতে, দেশে এ সেবা সম্পর্কে সচেতনতা ও কার্যক্রম প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রশিক্ষিত জনবলের অভাব আছে। এ অবস্থায় কোনো নীতিমালা ছাড়া গুটিকয়েক প্রতিষ্ঠান এ সেবা দিচ্ছে। এই বাস্তবতায় আজ শনিবার দেশে পালিত হবে বিশ্ব প্যালিয়েটিভ সেবা দিবস। প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার দিবসটি পালিত হয়।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্যালিয়েটিভ কেয়ার কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যব্যবস্থায় বা স্বাস্থ্যনীতিতে বিষয়টি এখনো গুরুত্ব পায়নি। চিকিৎসাবিজ্ঞান ও প্রশিক্ষিত জনগণকে সম্পৃক্ত করেই এ সেবা দেওয়া যায়। প্রয়োজন শুধু সচেতনতা।বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগের সহকারী অধ্যাপক জাফর মো. মাসুদ বলেন, এ ধরনের সেবার অন্যতম উদ্দেশ্য ক্যানসার, এইচআইভি/এইডস, স্নায়ুরোগসহ বিভিন্ন রোগীর ব্যথা কমানো। ব্যথা কমানোর জন্য মরফিন ট্যাবলেট পেতে চিকিৎসকদের পর্যন্ত ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই সেবাটা জরুরি। সরকারি উদ্যোগ: ২০০৭ সাল থেকে বিএসএমএমইউতে রোগীরা প্যালিয়েটিভ সেবা পাচ্ছেন। হাসপাতালটির ডি ব্লকে প্যালিয়েটিভ কেন্দ্রে সেবা নিতে আসা ৪৫ বছরের হান্নান মিলনের ফুসফুসের ক্যানসার কোমর পর্যন্ত ছড়িয়ে গেছে। কেন্দ্রের চিকিৎসকেরা জানান, হান্নান যখন প্রথম সেখানে ভর্তি হন, তখন ব্যথা মাপার স্কেলে তাঁর ব্যথার মাত্রা ছিল সর্বোচ্চ ১০ নম্বরে। সেবার মাধ্যমে এখন তা নিয়ন্ত্রণে এসেছে। চলতি মাসেই হাসপাতালের ই ব্লকে ২০ শয্যার ‘সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার’ নামে একটি কেন্দ্র চালু হতে যাচ্ছে।মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অনকোলজি বিভাগের নিজস্ব উদ্যোগে ২০০৬ সাল থেকে এ সেবা দেওয়া হচ্ছে। বিভাগের অধ্যাপক পারভীন শাহিদা আখতার বলেন, এ ধরনের সেবা দেওয়ার জন্য আর্থিক সহায়তা, প্রশিক্ষিত জনবল সরবরাহসহ বিভিন্ন সহায়তায় সরকারের এগিয়ে আসা প্রয়োজন।বেসরকারি উদ্যোগ: আশিক ফাউন্ডেশন ২০০৬ সালে ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য প্যালিয়েটিভ সেবা চালু করে। ফাউন্ডেশনের চেয়ারম্যান সালমা চৌধুরী প্রথম আলোকে বলেন, রোগীর আত্মীয়স্বজনকে বিশেষ যত্নের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর রোগী বাড়ি চলে যান। অবস্থার অবনতি হলে আবার কেন্দ্রে নিয়ে আসেন। নয়তো টেলিফোনেই সমস্যার সমাধান দেওয়া হয়। বাংলাদেশ প্যালিয়েটিভ অ্যান্ড সাপোর্টিভ কেয়ার ফাউন্ডেশনের প্যালিয়েটিভ বিশেষজ্ঞ রুমানা দৌলা প্রথম আলোকে বলেন, একজন প্রতিবেশী যদি রোগীর জন্য খাবার রান্না করে আনেন, কিছুক্ষণ বসে কথা বলেন, সেটাও এ সেবার মধ্যে পড়ে। এই ফাউন্ডেশন গুলশান, বনানী ও মহাখালী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সেবা দিচ্ছে।এ ছাড়া ইউনাইটেড হাসপাতাল, মোসাব্বির ক্যানসার কেয়ার সেন্টার, আহমেদ মেডিকেল সেন্টার লিমিটেডসহ বিভিন্ন বেসরকারি সংস্থা প্যালিয়েটিভ সেবা দিচ্ছে।এ কে খান হেলথ কেয়ার ট্রাস্টের উপদেষ্টা ও ক্যানসার বিশেষজ্ঞ সৈয়দ আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, থাইল্যান্ড, ভারতসহ বিভিন্ন দেশের মতো ভ্রাম্যমাণ দলকে বাড়ি বাড়ি গিয়ে রোগীদের এ সেবা দিতে হবে। সরকারি-বেসরকারি পর্যায়ে যে কেন্দ্রগুলো গড়ে উঠেছে, সেগুলোকে প্রশিক্ষণকেন্দ্র হিসেবে সরকার ব্যবহার করতে পারে।