সরকারের পক্ষে সবার জন্য সমান সুযোগ তৈরি করা সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসি বাংলাদেশ সংলাপে গতকাল শনিবার একাধিক আলোচক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত নির্বাচনকালীন সরকারের পক্ষে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা সম্ভব নয়। তবে সব আলোচক একমত হয়ে বলেছেন, একতরফা নির্বাচন না করার বিষয়ে বহির্বিশ্বের চাপ আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় রূপ নেওয়ার সম্ভাবনা নেই।
রাজধানীর বিয়াম মিলনায়তনে গতকাল বিবিসি বাংলাদেশ সংলাপের ৪৮তম পর্বের আলোচকেরা এসব মন্তব্য করেন। বিবিসি মিডিয়া অ্যাকশন ও বিবিসি বাংলা যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।
সংলাপে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমান মন্ত্রিসভা নিয়মিত কাজের বাইরে নির্বাচন কমিশনকে এ বিষয়ে সহায়তা করবে।
এ মন্তব্যের বিরোধিতা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, সংসদ বলবত্ রেখে, দলীয় মন্ত্রিসভা রেখে সবার জন্য সমান সুযোগ তৈরি করা সম্ভব নয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যেসব উপাদান থাকা দরকার, সেগুলো অনুপস্থিত। এ মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, তাতে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই।
বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপের নির্বাহী পরিচালক নাসিম ফিরদৌস বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার দায়িত্ব ইসির। এ ক্ষেত্রে এমন কোনো আইন করা দরকার, যাতে যাঁরা সংসদে থাকবেন বা মন্ত্রিসভায় থাকবেন, তাঁরা যেন নির্বাচন করতে না পারেন বা বিশেষ সুযোগ না পান।
নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির দেশ অচল করার হুমকি বাস্তবে রূপ পেলে সরকার এ দায় এড়াতে পারবে কি না—এ প্রশ্নের জবাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, ‘দেশ অচল হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না। কোনো ধরনের অরাজকতার অনুমোদন নির্বাচনকালীন সরকার দেবে না।’
সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান বলেন, ‘বিরোধী দল ছাড়া তফসিল ঘোষণা হলে মানুষ ঘরে বসে থাকবে না। দেশ আধা অচল তো হয়েই আছে, তখন পুরো অচল হয়ে যাবে।’
একতরফা নির্বাচন না করার বিষয়ে বহির্বিশ্বের আহ্বান সরকার উপেক্ষা করলে বিদেশি চাপ আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় রূপ নিতে পারে কি না—সংলাপে এমন প্রশ্নের জবাবে আলোচকদের সবাই বলেছেন, বাংলাদেশে নিষেধাজ্ঞা আরোপের মতো কোনো ঘটনা ঘটেনি।
ওয়ালিউর রহমানের প্রযোজনায় বিবিসি বাংলাদেশ সংলাপ উপস্থাপনা করেন আকবর হোসেন।