সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্রের ভার তরুণদের হাতে দেব: খালেদা
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তরুণদের হাতে তুলে দেব।’গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে নরসিংদীর আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।খালেদা জিয়া বলেন, বিএনপি ভাঙচুর ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে না। জনগণকে সঙ্গে নিয়েই এই ব্যর্থ সরকারের পতন ঘটানো হবে। জনগণ এদের আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, ‘সরকার অপপ্রচার চালাচ্ছে, আমরা সহিংস রাজনীতি করছি। সরকার এখন বিরোধী দলকে দমন করাকেই প্রধান কাজ হিসেবে নিয়েছে।’খালেদা জিয়া গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ঠিক রাখতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করার দাবি জানান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।