ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড, টেন্ডারবাজি, ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। তাই এ সরকারের পতনের জন্য বিএনপির কোনো ভূমিকা পালন করতে হবে না; ছাত্রলীগ ও যুবলীগই যথেষ্ট।গতকাল রোববার নরসিংদীতে বিএনপির সাংগঠনিক সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকার দেশ থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলতে ব্যস্ত হয়ে পড়েছে। তারা জানে না যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর নাম মুছে ফেলার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের এক কোটি ভোট কমেছে।জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ফজলুল হক, রুহুল আলম চৌধুরী, আহম্মেদ আজম খান প্রমুখ। এদিকে মওদুদ আহমদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন জেলা বিএনপির আত্মস্বীকৃত সভাপতি মেজবাহ উদ্দিন সমর্থিত কর্মী-সমর্থকেরা।এ ব্যাপারে মেজবাহ উদ্দিন বলেন, ‘এই সফরের মূল উদ্দেশ্য ছিল সাংগঠনিক সমস্যা সমাধান করে সভা করা। আমরা বলেছিলাম, এই জেলার কৃতী সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানকে সঙ্গে নিয়ে তিনি (মওদুদ আহমদ) যেন নরসিংদী সফরে আসেন। কিন্তু তিনি আমাদের কথা না শুনে প্রতিপক্ষ খায়রুল কবিরের সভায় যোগ দিয়েছেন। এতে লাভের চেয়ে দলের ক্ষতিই হয়েছে বেশি।’