সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় নেওয়া পদক্ষেপ তিন সপ্তাহের মধ্যে জানাতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশের পাশাপাশি রুল জারি করেন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদসহ ছয় সংগঠন ও এক ব্যক্তি রিট আবেদনটি করেন। গতকাল রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।