অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে শেয়ারবাজার জোর পেয়েছে এবং তা অব্যাহত থাকবে।জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার সাধনা হালদারের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।এ বি এম গোলাম মোস্তফার প্রশ্নের জবাবে মুহিত বলেন, সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ার পর্যায়ক্রমে ছাড়ার সিদ্ধান্ত সরকারের রয়েছে। পুঁজিবাজারের ধারণক্ষমতা বিবেচনায় যথোপযুক্ত সময়ে সরকারি কোম্পানির শেয়ার ছাড়ার পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া শেয়ারের ফেস ভ্যালু ইউনিফর্মকরণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।সানজীদা খানমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের প্রবৃদ্ধি সাত থেকে আট শতাংশের বেশি অর্জন করতে হলে জিডিপির ৩০ থেকে ৩৫ শতাংশ অভ্যন্তরীণ বিনিয়োগের প্রয়োজন। বর্তমান প্রেক্ষাপটে অভ্যন্তরীণ রাজস্ব থেকে এ পরিমাণ বিনিয়োগ করা সম্ভব নয়। সে ক্ষেত্রে বৈদেশিক সাহায্য এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম।৮১ হাজার কোটি টাকার প্রবাসী-আয়: অপু উকিলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা গত অর্থবছরে ৮১ হাজার ২০০ কোটি টাকা রেমিট্যান্স (প্রবাসী-আয়) পাঠিয়েছেন। চলতি মাসেই টেশিসের ল্যাপটপ বাজারে আসবে: জহিরুল হক ভূঁইয়ার প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেন, চলতি মাসেই টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) ল্যাপটপ বাজারজাত শুরু হবে। ১০ হাজার, ১২ হাজার, ২১ হাজার ও ২৫ হাজার টাকায় এই ল্যাপটপ পাওয়া যাবে।