সরকারের পাতা ফাঁদে জনগণ পা দেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী বলেছে, ‘তথাকথিত সর্বদলীয় সরকারের’ কোনো পদ্ধতি সংবিধানে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে বস্তুত তাঁদের একদলীয় নীলনকশার নির্বাচনকে বৈধতা দিতে চাইছেন।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল রোববার এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি বলেন, জনগণ সরকারের পাতা ফাঁদে পা দেবে না।
বিবৃতিতে দাবি করা হয়, ২৫ অক্টোবরের পর বর্তমান সরকার ও জাতীয় সংসদের কোনো বৈধতা থাকবে না। সরকার জোর করে অবৈধভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করলে দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করবে।
বিবৃতিতে গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে দলের অর্ধশত নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয়।