সরকারের পাশের লোক ছাড়া কেউ লুটপাট করতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে মন্তব্য করে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেছেন, সরকারের পাশের লোক ছাড়া ব্যাংকিং খাতের লুটপাট কেউ করতে পারে না।
গতকাল মঙ্গলবার সংসদের অনির্ধারিত আলোচনায় পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবদনের সূত্র ধরে কাজী ফিরোজ এ কথা বলেন। তিনি বলেন, দেশের অর্থনীতিতে ‘অশনিসংকেত’ বেজে উঠেছে।
ফিরোজ রশীদ বলেন, আজকে ভয়াবহ অবস্থা। বেসিক ব্যাংক, কৃষি ব্যাংক, রাজশাহী উন্নয়ন ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক মূলধন ঘাটতির তালিকায় রয়েছে।
ব্যাংক চলবে কী করে—এই প্রশ্ন রেখে কাজী ফিরোজ বলেন, আর্থিক ভিত্তি দুর্বল হয়ে যাচ্ছে। ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা পাচার হয়েছে। এসব ঘটনার তদন্ত হয়। কিন্তু কোনো ফল হয় না। একটা ঘটনার পর আরেক ঘটনায় আগেরটা ধামাচাপা পড়ে যায়।
জাপার এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘জনগণের টাকা কারা লুটপাট করছে? কারা এ জন্য দায়ী? আমরা কথা বলি অর্থমন্ত্রী-প্রতিমন্ত্রী থাকেন না।’
দেশে সুশাসন নেই দাবি করে কাজী ফিরোজ বলেন, ‘সরকার মনে করছে জনগণ খুব কাছে তাদের। আসলে জনগণ কাছে না। জনগণ কারও না। সামনে নির্বাচন, কোথাও তো সুশাসনের চিহ্ন পাচ্ছি না। এ কিসের আলামত?’
কাজী ফিরোজ বলেন, ‘আমরা কথা কম বলি। কেন? আগের সংসদ সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা আছে। বিরোধী দল বলেন আর সরকারি দল বলেন আমরা নিজেরা জানি না। আমার নেত্রী এখানে বসে আছেন। আপনি (স্পিকার) আমাদের কী মনে করেন, সেটা আমাদের প্রশ্ন। আমরা কথা বলতে পারি না। ৭০ অনুচ্ছেদ আছে। দলের বিরুদ্ধে ভোট দিতে পারি না। দেশে গণতন্ত্র চলছে, অবাধ গণতন্ত্র। যে যা ইচ্ছা বলতে পারছেন। আসলে ঘটনা কী? দেশে সুশাসন আছে? সুশাসন যদি থাকত অরাজকতা চলত না। সর্বক্ষেত্রে অরাজকতা। যাব কোথায়? বলব কোথায়?’