সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনে প্রধানমন্ত্রী
সরকারের প্রতি আনুগত্য দলীয় দৃষ্টিকোণ থেকে দেখা ঠিক নয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনা, নেতৃত্ব, শৃঙ্খলা, সততা, বিশ্বাসযোগ্যতা এবং আনুগত্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘দেশ, সংবিধান ও সরকারের প্রতি আনুগত্য কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত হবে না।’গতকাল রোববার ঢাকা সেনানিবাসের সেনা সদর দপ্তরের অফিসার্স মেসে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০১২-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পাঁচ দিনব্যাপী পর্ষদের উদ্বোধন করেন। খবর বাসস ও ইউএনবির।সেনাবাহিনীর সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এ পর্ষদ বাংলাদেশ সেনাবাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য ও দক্ষ কর্মকর্তাকে সরকারের অনুমোদন সাপেক্ষে পদোন্নতি দেবে বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাসদর দপ্তরে এসে পৌঁছালে প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবদুল ওয়াদুদ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. ওয়াহিদ-উজ-জামান, প্রতিরক্ষাসচিব খন্দকার মো. আসাদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতা, মুক্তিযুদ্ধের মহান চেতনার প্রতি আনুগত্য, দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, বশ্যতা, আন্তরিকতা ও সততাকে প্রাধান্য দিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশ দিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ পেশাগত, সুশৃঙ্খল ও দক্ষ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।’ বাংলাদেশ সেনাবাহিনীকে দক্ষ, সুশৃঙ্খল ও সুশিক্ষিত বাহিনী উল্লেখ করে তিনি বলেন, তাঁর সরকার সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে বিশ্বাস করে।