
সরকারি দলের প্রতি বিরোধী দলের নিরঙ্কুশ সমর্থন দেওয়ার মধ্য দিয়ে দশম জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। গতকাল বুধবার প্রথম অধিবেশনের প্রথম বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত সরকারি দলের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে বিরোধী দল।
বিরোধী দলের কর্মকাণ্ডে একবারও মনে হয়নি, সংসদে বিরোধী দল আছে। বরং তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাদের অবিচল আস্থা প্রকাশ করেছে।
একই সঙ্গে গতকালের অধিবেশনে সরকারি দল সংসদীয় রেওয়াজ ভাঙারও দৃষ্টান্ত স্থাপন করেছে। দিনের কার্যসূচি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর সদ্যপ্রয়াত টাঙ্গাইল-৮ আসনের সাংসদ শওকত মোমেন শাহজাহানের ওপর শোক প্রস্তাব গ্রহণ করা হয়নি। এর স্থলে নতুন নির্বাচিত স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে অনির্ধারিত আলোচনা হয়।
এর আগে সন্ধ্যা ছয়টা আট মিনিটে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে দশম সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক বসলে শুরুতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। এতে সমর্থন দেন আমির হোসেন আমু। সাংসদদের কণ্ঠভোটে শিরীন শারমিন স্পিকার এবং এরপর ফজলে রাব্বি মিয়া ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তাঁর নাম প্রস্তাব করেন তোফায়েল আহমেদ। সমর্থন দেন চিফ হুইপ আ স ম ফিরোজ।
দুটি প্রস্তাবেই বিরোধী দলের সদস্যরা সরকারি দলের সদস্যদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ‘হ্যাঁ’ উচ্চারণ করেন এবং টেবিল চাপড়ে সমর্থন জানান।
এরপর ডেপুটি স্পিকার ২০ মিনিটের জন্য সংসদের অধিবেশন মুলতবি করেন। এ সময় নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদ ভবনে রাষ্ট্রপতির কক্ষে তাঁর কাছে শপথ নেন।
বিরতির পর সংসদের সভাপতির আসনে বসেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। স্বাগত বক্তব্যে তিনি সংসদনেতা, বিরোধীদলীয় নেতা এবং তাঁর নির্বাচনী এলাকা পীরগঞ্জবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, গণমানুষ যারা প্রজাতন্ত্রের মালিক, তাদের জন্য সংসদ আশা-আকঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণের ক্ষেত্র। সংসদকে অর্থবহ ও বিকশিত করতে হবে। এতে সব সংসদ সদস্য কার্যকর ভূমিকা রাখবেন। উন্নয়নের ধারা, দারিদ্র্যবিমোচন, স্বাধীনতা, সুবিচার নিশ্চিত করাই জনগণের প্রত্যাশা। প্রত্যাশা পূরণের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় চিফ হুইপ আ স ম ফিরোজ সংসদীয় রেওয়াজ ভেঙে নতুন স্পিকারকে ধন্যবাদ জানিয়ে আলোচনার প্রস্তাব দেন। স্পিকারও তাতে সায় দেন। অনির্ধারিত এই আলোচনায় স্পিকারকে উদ্দেশ করে চিফ হুইপ বলেন, ‘এর আগে আপনি যখন স্পিকার ছিলেন, তখন আপনি ছিলেন অনভিজ্ঞ। এখন আপনি প্রমাণ করেছেন, যাঁরা বিজ্ঞ স্পিকার, আপনি তাঁদের চেয়েও বিজ্ঞ।’
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ স্বাধীনতাযুদ্ধে নেতৃত্ব দেওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশ গড়ার কাজে ভূমিকা রাখায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। জাতীয় পার্টিকে নিয়ে অনেকে অনেক আলোচনা করছেন। সরকারে তিনজন মন্ত্রী থাকলে বিরোধী দল কীভাবে হয়, প্রশ্ন তুলেছেন। কিন্তু এটা আমাদের নতুন কনসেপ্ট। কেয়ারটেকারও নতুন কনসেপ্ট ছিল। মন্ত্রী আছেন ঠিকই, তবে আমরা বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। কতটুকু সফল হব জানি না, আন্তরিকতার ঘাটতি হবে না। আমরা সরকারি দলের সঙ্গে আলাপ-আলোচনা করব। সমাধান খুঁজে পাব।’
রওশন এরশাদ আরও বলেন, নির্বাচন দিয়ে প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষা করেছেন। সে জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘দেশের বড় সমস্যা রাজনৈতিক। বর্তমানে যে ধারা বিরাজ করছে, তা গণতন্ত্রের জন্য সহায়ক নয়। জাতীয় স্বার্থে কোনো কিছু নিয়ে সরকারি ও বিরোধী দল কোনো বৈঠকে বসেনি। কিন্তু আমাদের প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে। বিএনপি নির্বাচনে আসেনি, এটা দুঃখজনক। কিন্তু কোনো দল নির্বাচনে না এলে নির্বাচন হবে না, তা তো হয় না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের দরকার।’
আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘শক্তি ছাড়া শান্তি প্রতিষ্ঠা হয় না। আমাদের নেত্রী শান্তি চান বলেই শক্ত হাতে দৃঢ় প্রত্যয়ী নীতি গ্রহণ করেছেন।’
জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের অবিচল আস্থা আছে ও থাকবে। সংসদীয় গণতন্ত্র রক্ষার জন্য তিনি যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তা ইতিহাসে স্তম্ভ হিসেবে থাকবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এরশাদের নেতৃত্বে উন্নয়নের যে সূচনা হয়েছিল, সেটি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পূর্ণতা পাবে।’
এ পর্বে আরও আলোচনা করেন মোহাম্মদ নাসিম, রাশেদ খান মেনন ও মঈনউদ্দিন খান বাদল।
এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। সব শেষে সংসদের অধিবেশন ৪ ফেব্রুয়ারি বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়।
সাংসদ হিসেবে স্পিকারের শপথ: গতকাল স্পিকার নির্বাচনের আগে সকাল ১০টার দিকে সাংসদ হিসেবে শপথ নেন স্পিকার শিরীন শারমিন। তিনি রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। শপথ অনুষ্ঠান হয় স্পিকারের নিজ কক্ষে। শপথ পরিচালনা করেন সংসদবিষয়ক সচিব আশরাফুল মকবুল। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। পরে স্পিকার সংসদবিষয়ক সচিবের কক্ষে গিয়ে স্বাক্ষর বইতে সই করেন।
অধিবেশনের শুরু থেকে শেষ পর্যন্ত সংসদনেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ বেশির ভাগ সাংসদই সংসদে উপস্থিত ছিলেন।