সরকারের প্রশ্রয়েই ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে মুনাফা লোটেন, শাসক দলগুলো সেই মুনাফার ভাগ পায়। সাধারণ মানুষ এ অবস্থা থেকে বাঁচতে চাইলে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শক্তিশালী গণ-আন্দোলন গড়ে তুলতে হবে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন।
সমাবেশে নেতারা আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার লোক দেখানো পদক্ষেপ নিয়ে বাস্তবে বাজারের নিয়ন্ত্রণ ব্যবসায়ীদের হাতে ছেড়ে দিয়ে জনগণের পকেট কাটার সুযোগ করে দিচ্ছে।
সমাবেশ থেকে টিসিবিকে শক্তিশালী করে সরকারিভাবে উৎপাদকদের কাছ থেকে ক্রয় এবং আমদানি করে বাজারে পণ্য সরবরাহ বাড়ানোর দাবি জানানো হয়। বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাইফুল হক, আবদুস সাত্তার, ফিরোজ আহমেদ, মোশরেফা মিশু প্রমুখ। বিজ্ঞপ্তি।