সরকারের প্রস্তুতি ছিল বলেই বন্যায় কেউ না খেয়ে মরেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনস গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন l ছবি: ফোকাস বাংলা
জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনস গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন l ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের দুর্যোগকালীন প্রস্তুতি ছিল বলেই এবারের বন্যায় কেউ না খেয়ে মরেনি। সরকারের সব দপ্তরের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীরা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন বলেই দুর্গত মানুষের কাছে খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং ত্রাণসামগ্রী যথাসময়ে পৌঁছানো সম্ভব হয়েছে।

গতকাল বুধবার নিজ কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুর্যোগকালীন প্রস্তুতি ভালো থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম রাখা সম্ভব হয়। ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গেই বসবাস করতে হবে। কাজেই সঠিক পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার প্রয়োজনীয় খাদ্য সরবরাহ অব্যাহত রেখে জনগণের ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখতে সম্ভাব্য সব প্রস্তুতি গ্রহণ করেছে। খাদ্য নিরাপত্তার জন্য সরকার খাদ্য আমদানি করছে। দেশের পার্বত্য অঞ্চলে অতিবৃষ্টির কারণে পাহাড়ধসের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ এবং অন্যান্য সংস্থা সেখান থেকে দুর্গত জনগণকে উদ্ধারে কাজ করে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, বন্যা ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করে কৃষকের জন্য দুর্ভোগ বয়ে আনলেও এটি সঙ্গে করে অনেক পলিমাটিও বয়ে আনে, যা জমির উর্বরা শক্তি বাড়ায়।

সভায় মন্ত্রিপরিষদের সদস্য, সচিব, তিন বাহিনীর প্রধানেরা এবং সংশ্লিষ্ট সব দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে জাতিসংঘকে চাপ সৃষ্টি করতে হবে

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনস গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, মিয়ানমারের শরণার্থীদের শনাক্তকরণ প্রক্রিয়ায় সহায়তা দেবে জাতিসংঘ।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, মিয়ানমারের নাগরিকদের দ্রুত ফিরিয়ে নিতে জাতিসংঘকে দেশটির ওপর চাপ সৃষ্টি করতে হবে। প্রধানমন্ত্রী বিদ্রোহীদের পৃষ্ঠপোষক, অর্থদাতা ও অস্ত্র সরবরাহকারীদের খুঁজে বের করার জন্যও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

মিয়ানমারের শরণার্থীদের ব্যাপারে বাংলাদেশের মানবিক নীতির প্রশংসা করে ওয়াটকিনস বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশের যা যা করণীয়, তা যথাযথভাবে পালন করছে। তিনি প্রধানমন্ত্রীকে জানান, জাতিসংঘ মহাসচিব অ্যা‌ন্তোনিও গুতেরেস ব্যক্তিগতভাবে এর সঙ্গে সম্পৃক্ত এবং এ নিয়ে তিনি কয়েকটি বিবৃতিও দিয়েছেন। তিনি এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার প্রস্তাবও দিয়েছেন।

শেখ হাসিনা বলেন, শরণার্থী এবং তাদের মধ্যে অধিক নির্যাতিত নারী, বয়স্ক মানুষ ও দুর্ভোগের শিকার শিশুদের তালিকা তৈরি করতে বর্ডার গার্ড বাংলাদেশকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার শরণার্থীদের আশ্রয়ের জন্য ভাষানচর দ্বীপকে নির্ধারণ করেছে।

বাংলাদেশের সাম্প্রতিক বন্যা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।