সরকারের প্রেস নোট মিথ্যা ও অনভিপ্রেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রধান কার্যালয়ে পুলিশের গত সোমবারের অভিযান নিয়ে সরকারের দেওয়া প্রেস নোট ‘সর্বৈব মিথ্যা’ বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, প্রেস নোটে বিএনপি সরকারের আমলে ২০০৪ সালে আওয়ামী লীগ কার্যালয়ের ঘটনার সঙ্গে যে তুলনা দেওয়া হয়েছে তা অনভিপ্রেত।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বুধবার দেওয়া প্রেস নোটের বিষয়ে এ প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল। সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আটক নেতাদের মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে পরিষদ।দলীয় এক বিবৃতিতেও প্রেস নোটের মাধ্যমে সরকারি নির্দেশে ‘পেটোয়া পুলিশ বাহিনীর পৈশাচিক তাণ্ডবকে’ জায়েজ ও ১৮ দলীয় জোটকে দোষারোপ করার অপচেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি।মানববন্ধনে মির্জা ফখরুল বলেন, বিএনপির কার্যালয়ে যেভাবে হামলা চালানো হয়েছে, অতীতে সে ধরনের ঘটনা ঘটেনি। প্রেস নোটে বলা হয়েছে, হরতালের কর্মসূচি ঘোষণার পরপরই সমাবেশের কাছে ককটেল বিস্ফোরিত হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, দলের কার্যালয়ের সামনে সমাবেশে তিনি বক্তব্য দেওয়ার সময় স্কাউট ভবনের কাছে পুলিশের সামনে কয়েকটি বিস্ফোরণ হয়। তারপর পুলিশ আক্রমণ করে সভা পণ্ড করে দেয়। এর পর হরতালের ঘোষণা দেওয়া হয়। অথচ প্রেস নোটে বলা হয়েছে, হরতাল ঘোষণার সঙ্গে সঙ্গে বোমা বিস্ফোরিত হয়েছে। বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, পুলিশ গুলি করতে করতে বিএনপির কার্যালয়ে প্রবেশ করে। পুলিশই বিএনপির কার্যালয়ে বোমা রেখে দিয়েছিল। বোমা উদ্ধারের বিষয়টি পুলিশের সাজানো নাটক।দেশ গভীর সংকটে—এ মন্তব্য করে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে বিভক্তির রাজনীতি শুরু করেছে।মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সদরুল আমিন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি এ কে এম আজিজুল হকসহ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।‘প্রেস নোট অপকর্ম জায়েজের চেষ্টা’: এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস নোটের কড়া সমালোচনা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ বাহিনীর ওপর হামলার জন্য বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা কোনোভাবেই দায়ী নন, বরং সমাবেশে আসা ব্যক্তিরা পুলিশের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ারই চেষ্টা করেছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেস নোটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পুলিশি হামলার আগেই হরতাল আহ্বান করেছেন বলে ‘নির্লজ্জ মিথ্যাচার’ করা হয়েছে। প্রকৃত ঘটনা হলো পুলিশি হামলার পর প্রায় ১৫-২০ মিনিট ভারপ্রাপ্ত মহাসচিব জনতাকে শান্ত রাখার চেষ্টা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তিনি হরতাল ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত বিএনপি সরকারের আমলে ২০০৪ সালের ১ মার্চ ‘চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীরা’ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর, ককটেল নিক্ষেপ, পথচারীদের গতিরোধ এবং অফিসগামীদের মারধর করতে থাকে। ওই দিন পুলিশের ওপর আওয়ামী সন্ত্রাসীরা চড়াও হয়ে ইটপাটকেল ও বোমা নিক্ষেপ করে। সে ঘটনাকে সোমবারের ঘটনার সঙ্গে তুলনা করা সত্যের অপলাপ মাত্র।