ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সম্মেলন
সরকারের বাইরের সংস্থার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান
সরকারের বাইরের বা ‘নন-স্টেট’ সংস্থার সঙ্গে সম্পর্কের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) সতর্ক থাকতে হবে। স্বার্থ আছে এমন প্রতিষ্ঠানের সঙ্গে ডব্লিউএইচওর অংশীদারত্বে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের নেতৃবৃন্দ। গতকাল বুধবার ডব্লিউএইচও এবং আঞ্চলিক কমিটির বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়।
গত মঙ্গলবার রাজধানীতে এই সম্মেলন শুরু হয়েছে। চার দিনব্যাপী সম্মেলনের গতকাল দ্বিতীয় দিনে স্বাস্থ্য খাতে অঞ্চলটি যেন নিজেদের চাহিদার ওপর গুরুত্ব দিয়ে কর্মসূচি হাতে নেয়, সেদিকে নজর রাখার প্রস্তাব করেছে বাংলাদেশ। পাশাপাশি অসংক্রামক ব্যাধির চিকিৎসায় বরাদ্দ বাড়ানোর প্রস্তাবও উত্থাপন করা হয় গতকাল।
ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং আলোচকদের এসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের বিষয়টি অনুমোদিত। নতুন করে একটি নির্দেশিকা তৈরির কাজ চলছে। তিনি আরও বলেন, এই অঞ্চলের প্রধান সমস্যা দাতার অভাব। দাতারা টাকা দেওয়ার সময় বেশির ভাগ ক্ষেত্রেই খাত উল্লেখ করে দেয়।
গতকাল বুধবার অংশগ্রহণকারী ১১টি দেশের প্রতিনিধিরা আইন করে জন্ম-মৃত্যুনিবন্ধন বাধ্যতামূলক করা প্রয়োজন বলে উল্লেখ করেন। তাঁদের মতে, কার্যকর স্বাস্থ্য পরিকল্পনা ও ব্যবস্থাপনার জন্য জন্ম ও মৃত্যুনিবন্ধন বাধ্যতামূলক হওয়া দরকার।
গতকাল স্বাস্থ্য খাতে নতুন প্রযুক্তির ব্যবহার, ডব্লিউএইচওর আর্থিক সংস্কার নিয়ে একাধিক পৃথক অধিবেশনে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা বক্তব্য উপস্থাপন করেন। আগামীকাল ঢাকা ঘোষণার মধ্য দিয়ে এ বৈঠক শেষ হবে।