সরকারের বিরুদ্ধে আন্দোলনের বিজয় সুনিশ্চিত: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বিরুদ্ধে ঈদের পর জোরালো আন্দোলনে নামতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, এবারের আন্দোলনে তাদের বিজয় সুনিশ্চিত।
গতকাল সোমবার ১৯ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টিও (জাগপা) ইফতার ও আলোচনা সভায় বক্তব্যে বিএনপি চেয়ারপারসন একথা বলেন।
খালেদা জিয়া বলেন, দেশে এখন কোনো বৈধ সরকার নেই। জোর করে অবৈধ সরকার ক্ষমতায় বসে আছে। ঈদের পর সরকারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। আল্লাহ সঙ্গে আছেন, জনগণ সঙ্গে আছে। বিজয় সুনিশ্চিত। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে ভোট পড়েছে ৫ ভাগ। বাকি ৯৫ ভাগ মানুষ ২০ দলীয় জোটের সঙ্গে আছে।
খালেদা জিয়া অভিযোগ করেন, মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নের দিকে সরকারের নজর নেই। দ্রব্যমূল্যে বেড়েছে। রাজধানীর সড়কগুলোর কী অবস্থা। ঢাকার সড়ক ও হাইওয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে গেছে। সেদিকে তাদের নজর নেই।
বিএনপি চেয়ারপারসন বলেন, রোববার তাঁর ইফতার অনুষ্ঠান থেকে ফেরার পথে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতিকে সরকারের গুন্ডাবাহিনী, র্যাব-পুলিশ-গোয়েন্দা সংস্থার লোকজন গুম করতে চেষ্টা করেছিল। জনগণের প্রতিরোধের মুখে তিনি রক্ষা পেয়েছেন। নারায়ণগঞ্জের ৭ খুনের সুষ্ঠু বিচার এই সরকার করবে না মন্তব্য করে তিনি বলেন, তাদের যদি সত্যিকারভাবে জিজ্ঞাসাবাদ করা হত, তাহলে ওপর তলার অনেকে ফেঁসে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীও সাত খুনের দায় এড়াতে পারবেন না।