সরকারের বিরুদ্ধে জুলুমের অভিযোগ জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ অভিযোগ করেছেন, সরকার তাঁদের সঙ্গে জুলুম করছে। তিনি বলেন, ‘সভা-সমাবেশ করার অধিকার আমাদের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমাদের সমাবেশ করতে না দিয়ে অন্যদের সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে।’গতকাল শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মকবুল আহমাদ এসব কথা বলেন।ভারপ্রাপ্ত আমির বলেন, ‘নির্বাচিত হলেই যে সরকার গণতান্ত্রিক হয় না, তার প্রকৃষ্ট উদাহরণ বর্তমান আওয়ামী লীগ সরকার।’ সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে জাতীয়তাবাদী ও ইসলামি শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।শেয়ারবাজারের প্রসঙ্গ টেনে মকবুল আহমাদ বলেন, ‘১৯৯৬ সালে যারা শেয়ার কেলেঙ্কারি করেছিল, আওয়ামী লীগ সরকার তাদের বিচার করেনি। এবার শেয়ার কেলেঙ্কারির ঘটনার তদন্ত করা হলেও জড়িতদের নাম বলা হচ্ছে না। আমাদের প্রশ্ন, কেন তাদের নাম বলা যাবে না?’আমির সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির এ কে এম নাজির আহমদ ও মুহাম্মাদ আবদুস সুবহান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা রফিউদ্দিন আহমদ, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম ও ঢাকা মহানগরীর আমির রফিকুল ইসলাম খান।