বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ১২ মার্চের ‘ঢাকা চলো’ কর্মসূচির মাধ্যমে সরকারের বিরুদ্ধে দেশবাসী ‘গণ-অনাস্থা’ প্রকাশ করবে। গতকাল শনিবার বিকেলে নগরের ভিআইপি টাওয়ারে জাতীয়তাবাদী মহিলা দলের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ঢাকা চলো’ কর্মসূচি সফল করতে মহিলা দলের চট্টগ্রাম মহানগর শাখা এই প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় নোমান বলেন, সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। মন্ত্রী-এমপিরা গণরোষ থেকে নিজেদের রক্ষা করার পথ খুঁজছেন। দেশ বর্তমানে অর্থনৈতিকভাবে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে দাবি করে আবদুল্লাহ আল নোমান বলেন, শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পাচার করেছেন। মহানগর মহিলা দলের সভানেত্রী ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক জেসমীন খানম, সাংগঠনিক সম্পাদক আঁখি সুলতানা প্রমুখ।