সরকারের ব্যবসায়ী শাখা এফবিসিসিআই!

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হয়েও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে না। বরং সংগঠনটি মূলত সরকারের ব্যবসায়ী শাখায় পরিণত হয়েছে।
ব্যবসায়ীদের মতে, যখন যে দল ক্ষমতায় থাকে, প্রধানমন্ত্রীর নির্বাচিত ব্যক্তিকেই সভাপতি নির্বাচনা করা হয়। সে কারণে তিনিও সরকারের বিপক্ষে কথা বলেন না বা কোনো সমালোচনা করতে পারে না। ফলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার চেয়ে তাঁর মনোযোগ বেশি থাকে সরকারের স্বার্থ রক্ষায়। সরকারও তাই নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার সময় এ সংগঠনের মতকে গুরুত্ব দেয় না। বিরোধী দলও এফবিসিসিআইয়ের কোনো দাবি-আহ্বানকে পাত্তা দেয় না।
দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে এফবিসিসিআইয়ের যেমন কোনো ভূমিকা নেই, তেমনি নতুন উদ্যোক্তাদের জন্যও সংগঠনটির পক্ষ থেকে নেই কোনো সহযোগিতামূলক ভূমিকাও। মাসে দু-তিনটি সভা-সেমিনারের আয়োজন, সরকারি বিভিন্ন বৈঠকে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করা আর নিয়মিত প্রধানমন্ত্রী কিংবা বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফর করাই এফবিসিসিআইয়ের কাজ হয়ে দাঁড়িয়েছে।
যোগাযোগ করা হলে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহ্মদ সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘এফবিসিসিআই দলীয় স্বার্থ রক্ষায় কাজ করে না, ব্যবসায়ীদের স্বার্থেই কাজ করে।’তবে ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান প্রথম আলোকে বলেন, ব্যবসায় অভিজ্ঞ ব্যক্তিরাই এফবিসিসিআইয়ের নেতৃত্বে আসেন। কিন্তু তার পরও তাঁরা ব্যবসায়ীদের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে পারেন না, একধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব কাজ করে। এটি দূর করতে হলে রাজনৈতিক পক্ষপাতমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
পুরোই ভিন্ন চিত্র পাশের দেশ ভারতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ভারত শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (ফিকি)। অর্থনৈতিক ও ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংগঠনটির মতকে বিশেষ গুরুত্ব দেয় দেশটির সরকার। সংস্থাটি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে নিয়মিত গবেষণাও করে থাকে। নানা বিষয়ে ব্যবসায়ীদের সহায়তাও দেয়।
সরকারের ইচ্ছায় সভাপতি: এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং প্রধানমন্ত্রীর আত্মীয়। সম্প্রতি প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র কেনার সময় তিনিই ছিলেন সবার আগে। এফবিসিসিআইয়ের ৪৮ জন পরিচালকের মধ্য থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত হন সভাপতি ও দুজন সহসভাপতি। পরিচালকদের ১৮ জনই সরকারের মনোনীত সংগঠনের প্রতিনিধি হিসেবে সরাসরি পরিচালক হন। অন্যদের নির্বাচনে জয়ী হতে হয়।
কারসাজিটা হয় মনোনীত পরিচালক পদেই। সরকারের আস্থাভাজন ব্যবসায়ীকে মনোনীত সংগঠনেরই প্রতিনিধি করে সরাসরি পরিচালক নির্বাচিত করা হয়। সেখান থেকে পরে তিনি হন সভাপতি। কাজী আকরাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধি হিসেবে সরাসরি পরিচালক হন। সেখান থেকে সভাপতি। এই পদ্ধতিতেই এখন সরকারের পছন্দের ব্যক্তি সভাপতি হচ্ছেন। নির্বাচনের আগেই ঠিক হয়ে যাচ্ছে কে হবেন পরবর্তী সভাপতি। অতীতেও দেখা গেছে, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠরাই সভাপতি হয়েছেন।
এভাবে সরকারের আস্থাভাজন ব্যবসায়ী সভাপতি হওয়ায় সরকারের বিরুদ্ধে তিনিও কঠোর কোনো অবস্থানে যেতে পারেন না। অন্যদিকে বিরোধী দলও তাঁকে তেমন গুরুত্ব দেয় না।
এ বছরের শুরু থেকেই দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, ডাকা হয় টানা হরতালও। এ ক্ষেত্রে এফবিসিসিআইয়ের কাজ ছিল হরতালের আগের দিন গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে হরতাল প্রত্যাহারের আহ্বান জানানো। গত মার্চে দেশব্যাপী সম্মেলন করাসহ নানা কর্মসূচি ঘোষণা করে এফবিসিসিআই। কিন্তু সংবাদ সম্মেলন করা ছাড়া কোনো কর্মসূচিই পালন করতে পারেনি সংগঠনটি।
রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় নেতার কাছে দুই দফা চিঠি দিয়েও সাক্ষাৎ পাননি এফবিসিসিআইয়ের নেতারা। তৃতীয় দফায় চিঠি দিলে দেখা করেন খালেদা জিয়া। ওই বৈঠকে দুই দলের মহাসচিব-সাধারণ সম্পাদক পর্যায়ে সংলাপে বসার বিষয়ে তাঁকে রাজি করানো গেলেও ব্যবসায়ীদের এই প্রস্তাবকে পাত্তাই দেননি প্রধানমন্ত্রী। এরপর থেমে যায় এফবিসিসিআইও। অবশ্য এ মাসে বিজিএমইএ রাস্তায় নামার পরদিনই তাদের ঘুম ভাঙে। নতুন করে সাদা পতাকা মিছিল করার কর্মসূচি করা হয়।
কোনো দলই তো এফবিসিসিআইয়ের কথাকে গুরুত্ব দেয় না—এমন বিষয়ে জানতে চাইলে কাজী আকরাম বলেন, ‘শুধু আমাদের এই বোর্ড কেন, এফবিসিসিআইয়ের কথা কখনো কোনো দল শুনেছে?’ আপনার রাজনৈতিক পরিচয় আছে—এর জবাবে তিনি বলেন, ‘আমি কখনো রাজনৈতিক বক্তব্য দিয়েছি? তা-ও তো আমি বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছি, আমার আগের সভাপতিরা তো সেটাও করতে পারেননি।’
আগের সভাপতিরা: এর আগে এফবিসিসিআইয়ের দুবারের নির্বাচিত সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত। দুই দফায় তিনি কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচনও করেছেন। আরেক সভাপতি সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা। দুই দফায় সভাপতি ছিলেন আবদুল আউয়াল মিন্টুও। তিনি যখন সভাপতি ছিলেন, তখন পরিচিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে। কিন্তু এখন তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। এ কে আজাদও জড়িত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। জাতীয় সংসদ নির্বাচনে তিনি এবার মনোনয়ন পাওয়ারও চেষ্টা করেছিলেন। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সমর্থনেই আনিসুল হক এফবিসিসিআইয়ের সভাপতি হতে পেরেছিলেন। আবার মীর নাসির হোসেন সভাপতি হয়েছিলেন হাওয়া ভবনের সমর্থনে।
বিদেশ সফর: এফবিসিসিআইয়ের নেতারা এ বছর ছয়টি দেশ সফরে গেছেন। এফবিসিসিআইয়ের ১৮১ জন নেতা এতে অংশ নেন। জানা গেছে, এফবিসিসিআইয়ের যে দুটি বিভাগে সারা বছরই কাজ হয়, তার একটি হলো আন্তর্জাতিক বিভাগ। কারণ, সারা বছরই বিভিন্ন বিদেশ সফর থাকে এবং বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা এ দেশ সফরে আসেন। আরেকটি হলো হিসাব বিভাগ। কারণ, এই বিভাগ বেতনের সঙ্গে জড়িত।
সৃজনশীল উদ্যোগের ঘাটতি: ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) নিয়ে কাজ করছে ভারতীয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফিকি। আর বাংলাদেশে এমন সহায়তা দিচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক)। এটির প্রতিষ্ঠাতা ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের বাংলাদেশ অংশ (আইসিসিবি), ঢাকা চেম্বার ও মেট্রোপলিটন চেম্বার (এমসিসিআই)।
নতুন দুই হাজার উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়ে জোরেশোরেই কাজ করছে ঢাকা চেম্বার। নতুন ব্যবসার লাইসেন্স এখন অনলাইনেই নিতে পারছেন উদ্যোক্তারা। সেটিও সম্ভব হয়েছে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের (রেজসকো) সঙ্গে যৌথভাবে ঢাকা চেম্বারের হেল্পডেস্ক চালু করার কারণে। এফবিসিসিআই এসব নিয়ে ভাবেই না।
ভারতের ফিকি এ বছরের জুন থেকে নভেম্বর পর্যন্তই অন্তত ২০টি জরিপ ও গবেষণা করেছে। ব্যবসায় আস্থা, লাইসেন্স পাওয়া নতুন ব্যাংক, এমনকি ভারতে ঘুষ ও দুর্নীতির মতো বিষয়েও গবেষণা রয়েছে সংগঠনটির।
পাঁচ সদস্যের একটি গবেষণা সেল আছে এফবিসিসিআইয়ের। কিন্তু গত দু-তিন বছরে সংগঠনটির একটি গবেষণাও নেই। এফবিসিসিআইয়ের সভাপতি ও সহসভাপতিদ্বয়ের বক্তৃতা লিখে দেওয়াই গবেষকদের প্রধান কাজ।