সরকারের ব্যর্থতাই দায়ী: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি (অগ্রাধিকারমূলক বাজারসুবিধা) স্থগিত হওয়ার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে বিএনপি। দলটি বলেছে, সাভারের রানা প্লাজা ধসে অনেক শ্রমিকের মৃত্যু হয়েছে। আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে আগুন লেগে অনেক শ্রমিক জীবন্ত দগ্ধ হয়েছেন। অথচ সরকার কোনো ব্যবস্থাই নেয়নি। সরকারের এমন আচরণের কারণে দেশের রপ্তানি খাতে এত বড় একটি আঘাত এল।গতকাল শুক্রবার সকালে এক আলোচনা সভায় বিএনপির মুখপাত্র ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। আমার দেশের ছাপাখানা বন্ধ ও ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতনের প্রতিবাদে আমার দেশ ও ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, ‘আজ সকালে খবরে দেখলাম, জিএসপিসুবিধা যুক্তরাষ্ট্র স্থগিত করেছে। এতে প্রমাণ হয়েছে, সরকারের নিয়োজিত লবিস্টরা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে।’ তিনি বলেন, এর আগে সরকারের ব্যর্থতার কারণেই পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংক সরে গিয়েছিল। এশীয় উন্নয়ন ব্যাংক ও জাইকা সরে দাঁড়িয়েছে।জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘জিএসপি স্থগিতের সিদ্ধান্ত দেশের জন্য কলঙ্ক ছাড়া আর কিছু নয়। এর ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। এতে শুধু দেশের আর্থিক ক্ষতিই হবে না, বহির্বিশ্বে ভাবমূর্তিও ক্ষুণ্ন হবে।’