হাটে-মাঠে, পাড়া-মহল্লায় বিএনপির উন্নয়ন ও বর্তমান সরকারের ব্যর্থতা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন দলের নেতারা। গতকাল সোমবার সকালে বিএনপির উদ্যোগে যশোর জিলা স্কুল অডিটরিয়ামে ‘ইউনিয়ন প্রতিনিধি সভার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি আমীরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়। বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ হাসান মাহমুদ, ইমতিয়াজ হোসেন, অধ্যাপক নার্গিস বেগম, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম, লেখক ও গবেষক বেনজির খান প্রমুখ।সভায় তরিকুল ইসলাম বলেন, ‘ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা এ সরকার দেশের মানুষের জন্য অভিশাপ। তারা এ দেশকে ভিন্ন রাষ্ট্রের তাঁবেদার বানাতে চায়। তাই বিএনপির কর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।’সভায় খুলনার বিভিন্ন জেলা থেকে বিএনপির প্রতিনিধিরা অংশ নেন।