সরকারের ব্যর্থতার কারণে টিপাইমুখে বাঁধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ব্যর্থতা ও অযোগ্যতার কারণেই টিপাইমুখ বাঁধ হচ্ছে। এমনকি নতজানু পররাষ্ট্রনীতির কারণে এই সরকার ভারতের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদ পর্যন্ত করতে পারছে না।গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে মির্জা ফখরুল এ কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এত দিন শুনেছি বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো কাজ ভারত করবে না। ভারত ও বাংলাদেশ সরকার বারবার আমাদের বলেছে যে টিপাইমুখে বাঁধ নির্মাণ করা হবে না। সেখানে বাঁধ নির্মাণ করতে হলে আগে বাংলাদেশের পক্ষ থেকে যৌথ জরিপ হবে। আজকে খবর পেলাম সেখানে বাঁধ হবে। চুক্তিও হয়ে গেছে। সরকারের সম্পূর্ণ ব্যর্থতা, অযোগ্যতার কারণেই এই বাঁধ হচ্ছে।’ সম্প্র্রতি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সাক্ষাতের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘তাঁদের দুজনের বৈঠকের পর মমতা যে কথা বলেছেন, তাতে মনে হয় ভারত আমাদের তিস্তার পানি দিচ্ছে না। কিন্তু বাংলাদেশ সরকার বারবার বলে যাচ্ছে বাংলাদেশ তিস্তার পানি পাচ্ছে। এভাবে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে দেশের স্বার্থবিরোধী কাজ করে যাচ্ছে সরকার।’ মির্জা ফখরুল অভিযোগ করেন, এ সরকার ক্ষমতায় আসার পর প্রতিটি খাতে চরম দুর্নীতি বিরাজ করছে। এদের অদক্ষতা, অসততা ও দুর্নীতির কারণে এখন সর্বত্র লুটপাট চলছে। সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। দেশের অর্থনীতি দ্রুতগতিতে রসাতলে যাচ্ছে। অথচ প্রধানমন্ত্রী শুধু দুর্নীতিবাজ মন্ত্রীদের প্রশ্রয় দিচ্ছেন। ‘যোগাযোগ খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)। দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, সাবেক সচিব আ ন ম আখতার হোসেন প্রমুখ।বিজয় দিবস উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা: মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে—১৫ ডিসেম্বর আলোচনা সভা, ১৬ ডিসেম্বর সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ এবং জিয়াউর রহমানের কবর জিয়ারত। বিকেলে নয়াপল্টনে কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৭ ডিসেম্বর দুপুর দুইটায় নয়াপল্টন কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রা প্রভৃতি।