গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, আগের খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে সরকারের ব্যর্থতার কারণেই নতুন নতুন খুনের ঘটনা ঘটছে। ব্লগার খুনিদের পালিয়ে যেতে রাষ্ট্রীয় সহায়তা এবং হত্যাকাণ্ডের সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় জনমনে সন্দেহ দেখা দিয়েছে যে, প্রশাসনের মধ্যেই এসব খুনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘাপটি মেরে আছে।
বিজ্ঞানলেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার শাহবাগের প্রজন্ম চত্বরে বিক্ষোভ মিছিলের আগে ইমরান এইচ সরকার এসব কথা বলেন। অনন্ত হত্যার প্রতিবাদে গতকাল সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
ইমরান এইচ সরকার বলেন, ‘ ব্লগার রাজিব হায়দারের খুিনদের রাষ্ট্রীয় সহায়তায় পালিয়ে যেতে সহায়তা, অভিজিৎ রায় ও ওয়াশিকুর রহমান হত্যাকাণ্ডের সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় জনমনে সন্দেহ জাগছে। সরকার ও ক্ষমতাসীন দলের অনেকের বক্তব্য থেকে এটাই প্রতীয়মান হয় যে, সরকার খুনিদের বিচার করার বদলে একের পর এক হত্যাকাণ্ডকে তাদের রাজনৈতিক স্বার্থে ধামাচাপা দিতে চায়।’
তিনি বলেন, ‘ব্লগার হত্যাকাণ্ড নিয়ে নোংরা রাজনৈতিক খেলায় মেতে উঠেছে সরকার। সন্ত্রাসীদের সঙ্গে রাষ্ট্রের এই আপস বাংলাদেশে বিদ্যমান বিচারহীনতার সংস্কৃতিকে আরও স্থায়ী রূপ দিয়ে বাংলাদেশকে একটি জিঙ্গ রাষ্ট্রে পরিণত করবে। সরকার এখন কথা বলছে ধর্মান্ধদের ভাষায়।’ তিনি অন্যায়ের প্রতি রাষ্ট্রের এই প্রশ্রয়কে প্রতিহত করতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।