সরকারের ব্যাপারে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: প্রধানমন্ত্রী

সরকারের ব্যাপারে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি ‘উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায়’ আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ঈদুল ফিতরের দিন শুক্রবার সকালে সর্বস্তরের মানুষ এবং কূটনীতিক ও বিশিষ্টজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এই আহ্বান জানিয়েছেন।
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে শেখ হাসিনা বলেন, বেশির ভাগ নির্বাচনী প্রতিশ্রুতিই এর মধ্যে পূরণ করা হয়েছে। যেগুলো বাকি আছে, সেগুলোও শিগগিরই পূরণ করা হবে। তিনি বলেন, ‘যারা সততার সঙ্গে কাজ করেছে, উন্নয়নের জন্য কাজ করেছে, তাদের যেন ভোট দেন। কারও কথায় যেন বিভ্রান্ত না হন।’
নির্বাচনকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে বিরোধী দলের দাবি কার্যত প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী বলেন, অসাংবিধানিক সরকার দেশে আর আসবে না। তিনি বলেন, ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের তিক্ত অভিজ্ঞতার কথা বিরোধী দল ভুলে গেছে। সে সময় শুধু রাজনীতিবিদ নয়, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র এমনকি সাংবাদিকেরাও নির্যাতনের শিকার হয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর রাষ্ট্রীয় বাসভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তাঁর সঙ্গে মেয়ে সায়মা হোসেন পুতুল, দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ঈদের দিন সকাল ১০টার পর গণভবনে শামিয়ানার নিচে ঈদ মোবারক লেখা মঞ্চের সামনে দাঁড়িয়ে সবার সালাম গ্রহণ করেন শেখ হাসিনা। এক ঘণ্টার বেশি সময় তিনি দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বিচারপতি, কূটনীতিক, সাংবাদিক-পেশাজীবীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অতিথিরা ছাড়াও প্রতিবন্ধীসহ এক হাজারের বেশি দরিদ্র মানুষের জন্য এবার ঈদে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয় গণভবনে।