
সরকারের বড় কয়েকটি প্রকল্পের কারণে দেশে রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেড়েছে। আজ সোমবার সংসদে সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেছেন।
তোফায়েল আহমেদ বলেন, বাণিজ্য ঘাটতি বাড়ার বেশ কিছু কারণ রয়েছে। গত বছর বন্যায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় ঘাটতি পূরণে বিপুল পরিমাণে খাদ্যশস্য আমদানি করতে হয়েছে। সরকারের বড় কয়েকটি প্রকল্প, বিশেষ করে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প এবং পায়রা বিদ্যুৎ প্রকল্পের জন্য যন্ত্রপাতি ও প্লান্ট আমদানির কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে। তা ছাড়া ভোক্তার সক্ষমতা বাড়ার কারণে ভোগ্য পণ্যের আমদানিও বেড়েছে।
প্রশ্নোত্তরের আগে বিকেল পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, সরকার ভেষজ দ্রব্য রপ্তানি বাড়াতে পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রয়োজনীয় অ্যাক্রেডিটেশন সার্টিফিকেশন ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী জানান, ২০১৭-১৮ অর্থবছরে ৮৬ দশমিক ৬৩ মিলিয়ন ডলারের ভেষজ দ্রব্য রপ্তানি করা হয়েছে।
নজরুল ইসলাম বাবুর প্রশ্নর জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সারা দেশে নিবন্ধন করা হয়েছে। তাঁদের মধ্যে থেকে ৯ হাজার ৯৩৩ জনকে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। পরে ২০১৬ সালে অধিক হারে কর্মী পাঠাতে বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে অন্তর্ভুক্ত করে জিটুজি প্লাস সমঝোতা স্মারক সই হয়। এর আওতায় এখন পর্যন্ত ২ লাখ ২৫ হাজার ৬০৬ জন কর্মী পাঠানো হয়েছে।
গোলাম দস্তগীর গাজীর প্রশ্নর জবাবে নুরুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে ১৬৫টি দেশে কর্মী পাঠানো হচ্ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে সৌদি আরবে ২৭ হাজার ৮১১ এবং মালয়েশিয়ায় ৩৪ হাজার ৮৮১ জন কর্মী পাঠানো হয়েছে।
আলী আজমের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ২০১৭ সালে সৌদি আরবে মোট ৫ লাখ ৫১ হাজার ৩০৮ জন কর্মী পাঠানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট ১ লাখ ৭২ হাজার ৩৭৯ জনকে পাঠানো হয়েছে।