সরকারের ভিন্নমুখী নীতি ও আইনি কারণে বিলম্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের মধ্যকার বিপরীতমুখী অবস্থান ও আইনি কারণে চার মুঠোফোন অপারেটরের দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়ন বিলম্বিত হচ্ছে। এ কারণে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেল গত বছরের ১০ নভেম্বর থেকে লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালাচ্ছে। ওই সময় তাদের ১৫ বছর মেয়াদি লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি দ্রুত লাইসেন্স নবায়নের পক্ষে মত দিয়েছে। তবে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আর্থিক বিষয়ে শক্ত অবস্থান নিয়েছে। এ ছাড়া গ্রামীণফোন ও রবির লাইসেন্স নবায়নসংক্রান্ত আবেদন আদালতে ঝুলে রয়েছে। প্রসঙ্গত, অপারেটররা লাইসেন্স নবায়নের জন্য সরকারনির্ধারিত প্রথম কিস্তির টাকা নির্ধারিত সময়ে পরিশোধ করেছে।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি মনে করছে, লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বিটিআরসির কার্যক্রম ও ভূমিকা সবচেয়ে বড় বাধা। অন্যদিকে বিটিআরসি মনে করছে, মন্ত্রণালয় ও সংসদীয় কমিটি অপারেটরগুলোর পক্ষে অবস্থান নিয়েছে।লাইসেন্স কবে নাগাদ নবায়ন হতে পারে, জানতে চাইলে গত বৃহস্পতিবার টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, ‘বিটিআরসিকে বিষয়টি দ্রুত সমাধান করতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কত দিন লাগতে পারে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। কারণ, এখন মন্ত্রণালয় নয়, যা করার বিটিআরসি করবে।’এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।নাম না প্রকাশের শর্তে বিটিআরসির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা সম্প্রতি প্রথম আলোকে বলেন, সংসদীয় কমিটিতে বসে মন্ত্রণালয় ও কমিটির সদস্যরা যেভাবে অপারেটরদের পক্ষ নিয়ে কথা বলেন, তা আপত্তিকর।উল্লেখ্য, বর্তমান সরকার ক্ষমতায় এসে টেলিযোগাযোগ আইন সংশোধন করে বিটিআরসির ক্ষমতা খর্ব করে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব বাড়িয়ে দেয়। এর পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রণালয় ও বিটিআরসির মধ্যে মতান্তর লেগে আছে। সম্প্রতি ৮০টি গেটওয়ে লাইসেন্স ইস্যু করার পেছনেও দুই সংস্থার পরস্পরবিরোধী অবস্থানকে দায়ী করেন এ খাতের বিশেষজ্ঞরা।বিভিন্ন রকম ফি নিয়ে বিটিআরসির সঙ্গে উল্লিখিত চার অপারেটরের মতবিরোধ রয়েছে। নিয়ন্ত্রক সংস্থাটির হিসাবে, গ্রামীণফোনকে টুজি লাইসেন্স নবায়নে বিলম্ব ফিসহ ৩৯৬ কোটি ২১ লাখ টাকা দিতে হবে। তাদের দাবিমতো লাইসেন্স নবায়ন ও ২০১০ সাল থেকে বকেয়া হিসাবে রবিকে বিলম্ব ফিসহ দিতে হবে ১৯৯ কোটি ৪৯ লাখ টাকা।একইভাবে বাংলালিংককে দিতে হবে ২১৭ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে লাইসেন্স নবায়নের জন্য বিলম্ব ফিসহ ১৫২ কোটি ৩১ লাখ এবং বকেয়া বিলম্ব ফিসহ ৬৫ কোটি ২৩ লাখ টাকা দিতে হবে।সিটিসেলকে দিতে হবে ৪৪ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে লাইসেন্স নবায়নের বিলম্ব ফিসহ ৩৫ কোটি ৯৭ লাখ এবং বকেয়া বিলম্ব ফিসহ আট কোটি ২৬ লাখ টাকা দিতে হবে।বকেয়া অর্থের ব্যাখ্যা দিয়ে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, ২০১১ সালের নভেম্বরে ১৫ শতাংশ কেটে রেখে লাইসেন্স নবায়ন ও স্পেকট্রাম ফির প্রথম কিস্তি জমা দেয় অপারেটররা। এ ছাড়া ২০১০ সাল থেকে তারা বার্ষিক লাইসেন্স নবায়ন, রাজস্ব ভাগাভাগি, স্পেকট্রাম চার্জ ও ১৫ শতাংশ ভ্যাট কেটে রেখে টাকা জমা দেয়।