বিরোধী দলকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘আপনাদের সুস্বাগতম। দয়া করে সংসদে অবস্থান করেন। আমাদের ভুলত্রুটি হলে ধরিয়ে দেবেন। আমরা সংশোধন করব নিজেদের।’একই সঙ্গে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের কিছু অংশ নাকচ করে দিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘বিভ্রম সৃষ্টি করতে চাইলেই বিভ্রম সৃষ্টি হয় না। উনি বিস্মরণের প্রতিযোগিতায় নামলে অবশ্যই প্রথম হবেন।’ তিনি বিএনপির সাংসদদের উদ্দেশে বলেন, ‘আপনারা ভোলা চালের ভাত খান। যে চালের ভাত খেলে সব ভুলে যান।’ সংসদে গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার বক্তব্যের জবাবে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। এ সময় খালেদা জিয়া সংসদে ছিলেন না। মাগরিবের নামাজের বিরতির পরপরই তিনি সংসদ ত্যাগ করেন।দেশে সংবিধান নাই বলে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে মতিয়া চৌধুরী বলেন, ‘উনি সুপ্রিম কোর্টের রায় পড়েননি বলেই এমন কথা বলছেন। তবে, ওনার পড়ার অভ্যাস নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।’ড. মুহাম্মদ ইউনূসকে সরকার অসম্মান করছে বলে খালেদা জিয়ার অভিযোগের জবাবে মতিয়া চৌধুরী বলেন, ‘ইউনূস সাহেব প্রসঙ্গে কিছু বলব না। উনি নিজেই আদালতে গেছেন। তবে, যিনি প্রথম স্ত্রীকে শিশুকন্যাসহ ঘর থেকে তাড়িয়ে দিলেন। আর কোনো খোঁজ নিলেন না। যখন অপেরা শিল্পী হিসেবে লাইমলাইটে এল, তখন বললেন সেই মনিকা তাঁর মেয়ে। তখন তিনি তাঁর মেয়ের স্বীকৃতি দিলেন। স্ত্রী-কন্যাকে বনবাসে দিলেন। আর, শতকরা ৩৫ ভাগ সুদে নারীমুক্তির কথা বলছেন। ঘরের আসবাব সব নিয়ে যাচ্ছে। ইউনূস সাহেব ভালো বিক্রেতা। নিজের গল্প ভালোভাবেই বিক্রি করতে পারেন।’মতিয়া চৌধুরী বলেন, ‘বিরোধীদলীয় নেতা ফখরুদ্দীন-মইনুদ্দীনের কথা বললেন। কিন্তু ইয়াজউদ্দিনের কথা বললেন না। ভাশুরের নাম মুখে নিতে কি লজ্জা লাগে? আপনারা যে খেলা খেলতে চেয়েছিলেন, তা পারেন নাই। সাত্তারের মতো ইয়াজউদ্দিন-ফখরুদ্দীন-মইনুদ্দীনকে বসিয়ে রক্ষা পেয়েছেন।’