বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একের পর এক হত্যাকাণ্ড এবং নির্যাতনের ঘটনার পরও এ নিয়ে সরকারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সরকারি দলের সাংসদেরা সন্তোষ প্রকাশ করেন।তবে কমিটির সদস্য, বিএনপিদলীয় সাংসদ এ এম মাহবুবউদ্দিন বৈঠকে বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক হত্যা ও নির্যাতন এবং এর পরিপ্রেক্ষিতে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন।বৈঠক শেষে মাহবুবউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘বিস্ময়করভাবে সীমান্তে মানুষ হত্যা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি উদ্বিগ্ন নয়। এটি একটি অকার্যকর কমিটি। গত তিন বছরে কমিটির ৩৬টি বৈঠক হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র ১৩টি। সীমান্তের ঘটনা নিয়ে সরকারও উদ্বিগ্ন নয়। তাই তারা এ জাতীয় ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানাতে পারে না।’চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বাংলাদেশি যুবক হাবিবুর রহমানের ওপর বিএসএফের নির্যাতনের খবর ও ভিডিওচিত্র গত সপ্তাহে গণমাধ্যমে প্রকাশের পর ভারত এবং বাংলাদেশের মানবাধিকারকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানান। সূত্র জানায়, বিএনপিদলীয় সাংসদ মাহবুবউদ্দিন গতকাল বিষয়টি সংসদীয় কমিটির বৈঠকে উত্থাপন করেন। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকের বলেন, একটি বন্ধুপ্রতিম দেশের সঙ্গে যেভাবে আলোচনা করা উচিত, সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে বর্তমান সরকার ভারতের সঙ্গে সে ধরনের আলোচনা করছে। সরকার যেভাবে বিষয়টি সামাল দিচ্ছে, সেটি সঠিক বলে কমিটি মনে করে।ভারত সীমান্তে বিভিন্ন সময় নির্যাতনের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় দেরিতে প্রতিবাদ পাঠায় কেন জানতে চাইলে কমিটির সভাপতি বলেন, ‘সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় তো গণমাধ্যম নয় যে তাৎক্ষণিক প্রতিবাদ পাঠাতে হবে। সরকারকে সবকিছু বুঝেশুনেই প্রতিবাদ পাঠাতে হয়।’মাহমুদ আলী জানান, বর্তমান সরকারের আমলে গত তিন বছর সীমান্তে প্রতি মাসে কতটি হত্যাকাণ্ড ঘটেছে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছে। কমিটির আগামী বৈঠকে তা উপস্থাপন করা হবে। তিনি বলেন, বর্তমানে সীমান্তে হত্যাকাণ্ড অতীতের যেকোনো সময়ের চেয়ে কম। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক যত গভীর হয়, ততই এ ধরনের ঘটনা কমতে থাকে। বর্তমান সরকারের আমলেও তাই হচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি নতজানু—বিরোধী দলের এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মাহমুদ আলী বলেন, টক শোতে অনেক কথাই বলা যায়। কিন্তু সংসদে দায়িত্ব নিয়ে কথা বলতে হয়। বিরোধী দল সংসদে আসুক, তাদের কথা বলুক। এটাই কথা বলার আসল জায়গা।আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক, ইমরান আহমদ, মোস্তফা ফারুক মোহাম্মদ, এ এম মাহবুবউদ্দিন, নাজমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।