সরকারের ভেতরে থাকা ব্যক্তিরাও সাম্প্রদায়িক হামলায় জড়িত: রানা দাশগুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
ছবি: প্রথম আলো

সাম্প্রদায়িক হামলা অব্যাহত থাকার পেছনে সরকারের ভেতরে থাকা ব্যক্তিরাও জড়িত বলে অভিযোগ করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। তিনি বলেন, গত দুর্গাপূজার সময় দেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় বিভিন্ন মামলার এজাহারে যেসব আসামির নাম এসেছে, তাঁদের বেশির ভাগকেই গ্রেপ্তার করা হয়নি। যাঁরা গ্রেপ্তার হয়েছিলেন, মামলার অভিযোগপত্র না দেওয়ায় তাঁদেরও জামিনে বেরিয়ে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এই অভিযোগ করেন রানা দাশগুপ্ত।

দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাড়িঘরে হামলা, লুটপাট, জমি জবরদখল ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে এই মানববন্ধন করা হয়। আয়োজকেরা জানান, এবার সরস্বতী পূজার আগে অনেক এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মানববন্ধনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, যারা সরকারের ভেতরে আছে, সরকারেরই বাইরে আছে, যুগপৎভাবেই তারা এই হামলাগুলো পরিচালনা করছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় আড়াই শ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলো। এখানে প্রয়াত এক মন্ত্রীর ভাইয়ের ছেলে আছে, আওয়ামী লীগের নেতা আছে, বিএনপির নেতা আছে। একসঙ্গে যোগসাজশে এই কর্মকাণ্ডগুলো আজও অব্যাহত রাখা হয়েছে। তিনি বলেন, ‘আমরা বলতে চাই, আমাদের সঙ্গে কেউ আর প্রতারণা করবেন না।’

সাম্প্রদায়িক হামলা বন্ধ না হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদ্‌যাপন পরিষদসহ দেশের অন্যান্য ধর্মীয় সংগঠন নিয়ে সংখ্যালঘু ঐক্য মোর্চা গড়ে তোলার মাধ্যমে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানান রানা দাশগুপ্ত। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আর মাত্র দুই বছর বাকি আছে। ক্ষমতাসীন দল ভোটের আগে যে অঙ্গীকার করেছিল, তার বাস্তবায়ন চাই। ভোট দেওয়ার অধিকার আমাদের আছে, না দেওয়ার অধিকারও আছে।’

মানববন্ধনের সভাপতিত্ব করেন পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক। তিনি বলেন, ‘আমি রাতে ঘুমাতে পারি না। সারা দেশ থেকে ফোন আসে। আশ্চর্য হয়ে যাবেন, বিভিন্ন বাড়িতে গরুর হাড্ডি, মাথা, মাংস রাখা হয়। পূজামণ্ডপেও সেভাবে রেখে তারা মনে করে এটাকে অপবিত্র করে দেব। এ রকম নৃশংস, এমন জঘন্য, হীন চিন্তাভাবনা এসেছে। এ অবস্থায় দেশকে চলতে দেওয়া যেতে পারে না।’

সাম্প্রদায়িকতার উৎস কোথায়, কীভাবে অসংখ্য মানুষ সাম্প্রদায়িক হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন জে এল ভৌমিক। তিনি বলেন, এসবের উৎস বন্ধ করতে হবে। সরকার জানে কোথা থেকে হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। সংখ্যাগুরু মানুষের সহায়তা ছাড়া এই যুদ্ধে টিকে থাকা কঠিন।

অনুষ্ঠানে পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার বলেন, ‘গত দুর্গাপূজার পর ভেবেছিলাম, দেশে আর কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা হবে না। কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, বিভিন্ন জায়গার এ ধরনের ঘটনা ঘটছে।’

মানববন্ধনে বক্তব্য দেন পূজা উদ্‌যাপন পরিষদের উপদেষ্টা নিম চন্দ্র ভৌমিক, পরিষদের সহসভাপতি বাসুদেব ধর, ডি এন চ্যাটার্জি প্রমুখ।