সরকারের ভেতরে সংকট ঘনীভূত হচ্ছে: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ ও সরকারের ভেতরে দিন দিন সংকট ঘনীভূত হচ্ছে। তাদের এই অভ্যন্তরীণ সংকটের কারণেই এ সরকারের পতন ঘটবে।জাতীয় প্রেসক্লাবে গতকাল শুক্রবার জাগরণ পরিষদ নামের একটি সংগঠনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৭তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দল ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বলে খবর বেরিয়েছে। আওয়ামী লীগ একে মিথ্যা বলছে। অথচ আশরাফুল ইসলাম কিছু বলছেন না। তিনি বলেন, সরকারের মধ্যে সংকট বাড়ছে। এতেই এ সরকারের পতন ঘটবে।বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে নয়, সরকারের ব্যর্থতার কারণে দেশের অর্থনীতি নাজুক অবস্থায় আছে। সরকার ঋণ নিয়ে কাজ চালাচ্ছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগরণ পরিষদের সভাপতি কামরুজ্জামান।‘সংসদ নির্বাচন অনিশ্চয়তার মুখে’: বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়া হয়েছে। এতে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। আর এর জন্য সরকারের সর্বোচ্চ মহল দায়ী।ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সাংসদ এ টি এম ওয়ালী আশরাফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।‘ক্ষমতায় গেলে জ্বালানি তেলের দাম কমাবে বিএনপি’: বিকেলে জাতীয় প্রেসক্লাবে অপর এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জ্বালানি তেলের দাম কমাবে। তিনি বলেন, আওয়ামী লীগ একদলীয় নির্বাচন করে আবার ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছে, তা দিবাস্বপ্নই হয়ে থাকবে। এ দেশের জনগণ আওয়ামী লীগকে আর কখনোই ভোট দেবে না।‘জ্বালানি তেলের দাম বৃদ্ধি: জনদুর্ভোগ চরমে’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফজলুল হক রিকাবদার।