সরকারের মতে মানবাধিকার উন্নয়নে গুম একটি চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে প্রতিবন্ধকতাগুলোর অন্যতম হচ্ছে গুম। জাতিসংঘ মানবাধিকার কমিশনে সরকার যে প্রতিবেদন জমা দেবে, তাতে এ বিষয়টি অন্তর্ভুক্ত থাকছে।গতকাল বুধবার সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা এবং মানবাধিকার নিয়ে কর্মরত সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভায় সরকার এ কথা বলেছে।এ মাসের শেষে জাতিসংঘ মানবাধিকার কমিশনে সরকারের পক্ষ থেকে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারের ২৮টি সংস্থা-প্রতিষ্ঠান এবং ৪০টি বেসরকারি সংগঠনের (এনজিও) প্রতিনিধিরা অংশ নেন।জাতিসংঘের সব সদস্য দেশের জন্য প্রতি চার বছর পর তার মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ প্রক্রিয়ায় সদস্য দেশের সরকারের পাশাপাশি মানবাধিকার কমিশন ও এনজিওগুলোর একটি প্রতিবেদন জমা দেওয়া হয়। জাতিসংঘও একটি প্রতিবেদন তৈরি করবে। এ তিন প্রতিবেদনের ভিত্তিতে আগামী এপ্রিলে জেনেভায় অনুষ্ঠেয় পর্যালোচনা বৈঠকে দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার তার জবাবদিহির অংশ হিসেবে মানবাধিকার প্রতিবেদন তৈরির আগে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে এ আলোচনা করেছে। প্রতিবেদন তৈরির আগে হয়তো আরেক দফা আলোচনা হবে।বৈঠকের বিষয়ে জানতে চাইলে মানবাধিকারকর্মী আইনজীবী সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, মানবাধিকার পরিস্থিতির উন্নতির ক্ষেত্রে গুমের বিষয়টি যে চ্যালেঞ্জ, সেটি সরকার স্বীকার করছে। এ ছাড়া চ্যালেঞ্জের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে দুর্নীতির বিষয়টিও উল্লেখ করা হয়েছে।এক প্রশ্নের উত্তরে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, আলোচনায় বিশ্বজিৎ ও লিমনের প্রসঙ্গ এসেছে। তবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা হয়নি।সুলতানা কামাল বলেন, ‘সরকারের মতে, পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার সঠিক পথেই এগোচ্ছে। এ ক্ষেত্রে সরকারের সঙ্গে আমাদের মতপার্থক্য রয়েছে। কারণ, পার্বত্যাঞ্চলে ভূমি এবং স্থানীয় প্রশাসনের কাছে বিভিন্ন বিষয় হস্তান্তরের বিষয়টির সুরাহা হয়নি। সেই সঙ্গে সেনা-পরিস্থিতি নিয়ে আমাদের ভিন্নমতের কথা জানিয়েছি।’সুলতানা কামাল বলেন, ‘প্রতিবেদনের বিষয়গুলো নিয়ে বৈঠকে সরকার বিস্তারিত আলোচনা করেনি। সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। সরকার মনে করে, প্রথম ক্ষেত্রে আইনগত অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নেই। তবে প্রশ্ন হচ্ছে, প্রায়োগিক ক্ষেত্রে এসব কতটা কার্যকর তা দেখতে হবে।’পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনু বিভাগের মহাপরিচালক সাঈদা মুনা তাসনিম বলেন, মানবাধিকারের ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোর উল্লেখ থাকবে প্রতিবেদনে। সেই সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কী কী সমস্যা রয়েছে, সেটিও উল্লেখ করা হবে। এ মাসের শেষ সপ্তাহে প্রায় ১০ হাজার শব্দের মধ্যে এ প্রতিবেদন তৈরি করে তা জাতিসংঘে জমা দেওয়ার কথা রয়েছে।