সরকারের মদদপুষ্ট সিন্ডিকেট বাজারে পণ্যের দাম বাড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকারের মদদপুষ্ট সিন্ডিকেট’ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, এর মাধ্যমে সরকারদলীয়রা জনগণের কাজ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিচ্ছেন। গতকাল শনিবার প্রবীণ সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীকে ৭৩তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।বিএনপির এই মুখপাত্র বলেন, দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, তা যুক্তিযুক্ত নয়। এক শ্রেণীর ব্যবসায়ী ভোক্তাদের জিম্মি করে ব্যবসা করছেন। সরকার এই সিন্ডিকেটকে মদদ দিচ্ছে। কেননা এর সঙ্গে সরকারদলীয়রা জড়িত। দলীয়দের অবৈধ অর্থ আয়ের সুযোগ করে দিতে সরকার বাজারে কোনো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিচ্ছে না। সাধারণ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের কষ্টের উপার্জিত অর্থ চলে যাচ্ছে এই কালোবাজারিদের কাছে। তিনি বলেন, এ নিয়ে প্রতিবাদ করতে গেলে সরকার বিএনপির ওপর দোষ চাপায়। গিয়াস কামাল চৌধুরীর জন্মদিন উপলক্ষে তাঁর ধানমন্ডির বাসায় একটি আলোচনা সভারও আয়োজন করে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন। সেখানে মির্জা ফখরুল বলেন, গিয়াস কামাল একজন জীবন্ত কিংবদন্তি।