সরকারের মনোভাব দেখে সংসদে যাওয়ার সিদ্ধান্ত: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বিএনপি সংসদে যেতে চায়। তবে তার আগে তারা সরকারের মনোভাব দেখতে চায়। সরকার সমঝোতার কোনো পরিবেশ সৃষ্টি করে কি না, তা দেখে বিএনপি সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেবে।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ এ কথা বলেন। স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে ওই সভার আয়োজন করে।
নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেওয়ার বিষয়ে মওদুদ বলেন, রূপরেখা সংবিধানেই আছে। ত্রয়োদশ সংশোধনীতে যে কাঠামো দেওয়া ছিল, সেটিই রূপরেখা। তিনি বলেন, এর সংশোধন বা পরিমার্জন করতে হলে তা করা যেতে পারে। প্রধান উপদেষ্টা কে হবেন, তা নিয়ে আলোচনা হতে পারে। সরকারকেই এ বিষয়ে উদ্যোগ নিতে হবে। বিএনপি সংসদে এ বিষয়ে কোনো প্রস্তাব দেবে না।
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার সরকারি উদ্যোগের সমালোচনা করেন মওদুদ। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা, অধিকারের সম্পাদক আদিলুর রহমানকে গ্রেপ্তারে সরকারের জনপ্রিয়তা আরও কমছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে ড. মুহাম্মদ ইউনূসকে শুধু সম্মান নয়, রাষ্ট্রের সর্বোচ্চ দূত করা হতো। তিনি ড. ইউনূসের বিরুদ্ধে মামলার উদ্যোগ থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।