সরকারের মুখে আলোচনার কথা'বালকসুলভ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারের মুখে বিরোধী দলের সঙ্গে আলোচনার কথা বালকসুলভ। এর কোনো সারমর্ম নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পাশে বিএনপির সাংসদ এম কে আনোয়ার ও বরকত উল্লার মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে দলীয় সংসদ সদস্যদের মানববন্ধনে মওদুদ এ কথা বলেন।

মওদুদ বলেন, সরকার আলোচনার কথা বলে কিন্তু বিশ্বাস করে না। তারা আলোচনা চায় না, সংঘাত চায়। তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কী করবে। যদি আলোচনা চায়, তাহলে সভা-সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বন্দীদের মুক্তি দিতে হবে। বিএনপির সাংসদ আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী, জাফরুল ইসলাম চৌধুরী, গোলাম মোস্তফা, সৈয়দা আশিফা আশরাফী, রেহানা আক্তার প্রমুখ।

মামলা প্রত্যাহার করা না হলে আরও হরতাল: তারেকের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং অপপ্রচার বন্ধ না হলে আরও হরতাল ডাকার হুমকি দিয়েছে বিএনপি।

গতকাল বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান এ কথা বলেন। তিনি বলেন, ‘দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার (আজ) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তাঁর মামলা প্রত্যাহার এবং অপপ্রচার বন্ধ না হলে আগামীকালের হরতালই শেষ হরতাল হবে না।’