সরকারের মেয়াদে ৩৪৫ কর্মকর্তাকে ওএসডি
বর্তমান সরকারের মেয়াদে সহকারী সচিব থেকে সচিব পর্যায়ের মোট ৩৪৫ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আজ সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বেনজীর আহমদের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, বর্তমান সরকারের মেয়াদে সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত মোট ৩৪৫ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এর মধ্যে সচিব পদের সাতজন, অতিরিক্ত সচিব ৪০, যুগ্ম সচিব ৯৯, উপসচিব ১২৩, জ্যেষ্ঠ সহকারী সচিব ৬৭ ও সহকারী সচিব নয়জন।
অন্যদিকে ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত মোট ৪১০ জন সরকারি কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। এর মধ্যে সচিব ১৭, অতিরিক্ত সচিব ৪০, যুগ্ম সচিব ৬০, উপসচিব ১৩৬, জ্যেষ্ঠ সহকারী সচিব ৭৪ ও সহকারী সচিব ৮৩ জন। ওএসডি কর্মকর্তাদের বেতন-ভাতা বাবদ কত টাকা ব্যয় হয়ে থাকে, সে তথ্য দেওয়া সময়সাপেক্ষ ব্যাপার বলে মন্ত্রী জানান।
অপু উকিলের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী সরকারি পদের সংখ্যা ১৪ লাখ পাঁচ হাজার ৫২৪। এর মধ্যে দুই লাখ ৭৫ হাজার ৯৬৪টি পদ শূন্য রয়েছে।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, দলিল নিবন্ধন পদ্ধতি ডিজিটাল করার জন্য সরকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। চলতি বছরেই কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে।
নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ঢাকার ধানমন্ডি, বিমানবন্দর, খিলক্ষেত, পল্লবী ও শ্যামপুরে সাবরেজিস্ট্রি অফিস স্থাপনের জন্য অনুমোদন পাওয়া গেছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এসব অফিস চালু করা হবে।
নাছিমুল আলম চৌধুরীর অন্য এক প্রশ্নের জবাবে প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, ২০১৩ সালের আগস্ট পর্যন্ত ২৫টি জেলায় তিন লাখ ৮৪ হাজার জেলের অনুমোদিত তালিকা হয়েছে। এর মধ্যে এক লাখ জেলের ছবি ওঠানোর কাজ শেষ হয়েছে। এক লাখ ৫০ হাজার জেলের ডাটাবেজ তৈরি হয়েছে। পরিচয়পত্র তৈরির কাজ চলছে।